শ্রীলঙ্কাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে বলল ব্রিটেন
ব্রিটেনের ফরেন অফিস মিনিস্টার অ্যালিসটেয়ার বার্ট বলেছেন, তামিল বিদ্রোহীদের দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শ্রীলঙ্কাকে অবশ্যই তদন্ত করতে হবে। ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেলে গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার সেনাবাহিনী হাতে তামিল বন্দীদেরকে নৃশংসভাবে হত্যার দৃশ্য প্রচারিত হওয়ার পর তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশন ‘শ্রীলঙ্কাস কিলিং ফিল্ডস’ নামে একটি তথ্যচিত্র প্রচার করে। এতে শ্রীলঙ্কার সেনাবাহিনী হাত-পা ও চোখ বাঁধা এক নারীসহ তিনজন তামিল বন্দীকে গুলি করে হত্যা করছে এমন দৃশ্য দেখানো হয়।ওই তথ্যচিত্র প্রচারের পর ব্রিটিশ মন্ত্রী আজ বুধবার এক বিবৃতিতে বলেন, কলম্বো সরকার তামিল গেরিলা দমনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে । বার্ট বলেন, ‘তথ্যচিত্রের ওই ভয়ংকর দৃশ্য দেখে আমি খুবই ব্যথিত।’ তিনি বলেন, ‘জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেলের সাম্প্রতিক প্রতিবেদন, চ্যানেল ফোরে প্রচারিত বিশ্বাসযোগ্য প্রামাণ্যচিত্রে শ্রীলঙ্কার সেনাবাহিনীর আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট।’ব্রিটিশ মন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এই তথ্যপ্রমাণ খুব গুরুত্বের সঙ্গে নেবে।’গত মাসে চ্যানেল ফোরের আরেকটি ভিডিও চিত্রে দেখানো হয়, শ্রীলঙ্কার সেনারা নগ্ন তামিল নারী-পুরুষদের হত্যা করছে।ব্রিটিশ মন্ত্রী শ্রীলঙ্কা সরকারকে এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে শ্রীলঙ্কা সরকার তামিল বিদ্রোহীদের দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। ভিডিও ফুটেজগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছে শ্রীলঙ্কা।উল্লেখ্য, শ্রীলঙ্কার সেনাবাহিনী ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করে । যুদ্ধের শেষ পর্যায়ে এবং পরে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে কলম্বো সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।