শ্রীলঙ্কায় জনগণকে রক্ষায় ব্যর্থ জাতিসংঘ!
শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের শেষ কয়েকটি মাস জাতিসংঘ সাধারণ লোকজনকে রক্ষা করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের ফাঁস হওয়া অভ্যন্তরীণ এক প্রতিবেদনের খসড়ায় এই বিশ্ব সংস্থার সমালোচনা করা হয়েছে এভাবে। ওই খসড়ার বরাত দিয়ে গত মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার ঘটনা জাতিসংঘের জন্য বড় ধরনের এক ব্যর্থতা।’সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে ২৬ বছর ধরে চলা ওই গৃহযুদ্ধের অবসান ঘটে ২০০৯ সালের মে মাসে। এ যুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত হয়। এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের শেষ পাঁচ মাসে অন্তত ৪০ হাজার লোক নিহত হয়। অনেকের মতে, এ সংখ্যা আরও বেশি হতে পারে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সাবেক প্রধান জন হোমস এই প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ওই সময় জাতিসংঘকে বেশ কিছু জটিল উভয়-সংকট মোকাবিলা করতে হয়। এ কারণে ওই সময় নেওয়া সিদ্ধান্তের জন্য তাদের সমালোচনা হতে পারে। জাতিসংঘ এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা চার্লস পেটরি বিবিসির কাছে থাকা ওই প্রতিবেদন সম্পর্কে বলেন, ‘আমরা পর্যালোচনা করে যা পেয়েছি, এরই প্রতিফলন ঘটেছে প্রতিবেদনে।’