শ্রীলঙ্কায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আহত
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে গতকাল শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে ফারাজ সাওকারালি নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ওই সাংবাদিকের সহকর্মী ও পুলিশের বরাত দিয়ে আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। ফারাজ ‘সানডে লিডার’ নামের একটি ইংরেজি পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত। পত্রিকার সম্পাদক শকুন্তলা পেরেরা জানান, গতকাল রাতে রাজধানীর উপশহর লাভিনিয়ায় ফারাজের বাড়িতে হামলা চালায় তিনজন বন্দুকধারী। তারা ফারাজকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ফারাজের গলায় গুলি লেগেছে। শকুন্তলা পেরেরা জানান, ফারাজ অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে তাঁর পত্রিকায় কর্মরত। ফারাজের লেখা কোনো প্রতিবেদনের কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।পুলিশের মুখপাত্র প্রিশান্ত জায়াকোদি জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।ফারাজ নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন আছেন বলে জানিয়েছেন কলম্বো ন্যাশনাল হাসপাতালের পরিচালক অনীল জাসিংহে। শিগগির তাঁর অস্ত্রোপচার করা হবে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় অন্তত ১৪ জন গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের নিয়ে কাজ করা দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলেছে, সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ এমন দেশের তালিকায় শ্রীলঙ্কা ২০১০ সালে চতুর্থ অবস্থানে ছিল। ভয় ও নিরাপত্তাহীনতার কারণে গত চার বছরে বহু সাংবাদিক দেশ ছেড়েছেন।‘সানডে লিডার’ পত্রিকাটি সরকারের সমালোচনায় মুখর। চার বছর আগে এই পত্রিকার সম্পাদক লাসান্তা উইকরিমাতুঙ্গাকে হত্যা করা হয়।