শ্রীলঙ্কায় প্রধান বিচারপতির অনুষ্ঠান বর্জন আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি মোহন পেইরিসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির আইনজীবীদের প্রধান সমিতি। মোহন এরই মধ্যে শপথ নিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের দিন। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে গত শুক্রবার সাবেক প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকেকে পার্লামেন্টে অভিশংসন করা হয়। এর দুই দিন পর তাঁকে অপসারণ করা হয়। এরপর দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে প্রধান বিচারপতি হিসেবে মোহনকে মনোনয়ন দেন।শ্রীলঙ্কার বিচারকেরা দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি শিরানির পার্লামেন্টে অভিশংসনকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। অভিশংসনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে। শিরানি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন। আইনজীবীরা বলেছেন, তাঁর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। বিরোধী দলগুলোও এর নিন্দা জানিয়েছে। শ্রীলঙ্কার আইনজীবী সমিতির চেয়ারম্যান উইজিয়াদাসা রাজাপক্ষে বলেন, তাঁরা মোহন পেইরিসকে স্বাগত জানাবেন না। তিনি বলেন, পেইরিস দেশের অবৈধ প্রধান বিচারক। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে গেলে তা হবে মক্কেলদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করার শামিল।মোহন পেইরিস সরকারের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন। শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের যেকোনো অভিযোগের বিরুদ্ধে সরকারের পক্ষে লড়াই করছেন তিনি।