শ্রীলঙ্কার অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান শিক্ষক ধর্মঘটের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার সরকার দেশটির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। গতকাল বুধবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী এস বি দেশানায়েকে গতকাল এ আদেশ দেন। তবে বিশ্ববিদ্যালয়গুলোর চিকিত্সা অনুষদ এই আদেশের বাইরে থাকবে।খবরে বলা হয়, সরকারি তহবিলে পরিচালিত ১৫টির মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সরকারি হস্তক্ষেপ বন্ধ ও বরাদ্দ বাড়ানোর দাবিতে দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকেরা ধর্মঘট করে আসছিলেন। সরকারের অভিযোগ, এই ধর্মঘটের মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার্থীদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন।চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে শিক্ষকেরা ধর্মঘট শুরু করেন। তাঁদের অভিযোগ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বিনা বেতনে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আংশিক বেসরকারীকরণের পরিকল্পনা করেছে সরকার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি হস্তক্ষেপ বন্ধ এবং শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ধর্মঘটী শিক্ষকেরা। একই সঙ্গে তাঁরা বেতনভাতা বাড়ানোরও দাবি জানান।এদিকে উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী এস বি দেশানায়েকে অভিযোগ করে বলেন, ‘আমাদের ধারণা, আন্দোলনরত শিক্ষকেরা সরকার পরিবর্তন করার লক্ষ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি ও রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছেন।’সরকারের দাবি, এরই মধ্যে সরকার শিক্ষকদের ছয়টি প্রধান দাবির পাঁচটিই পূরণে সম্মত হয়েছে।তবে ধর্মঘটী শিক্ষকেরা সরকারের এই দাবি অসত্য বলে উল্লেখ করেছেন। তাঁদের মুখপাত্র মাহিম মেন্ডিস বলেন, ‘এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে সরকার তার অনুগত ব্যক্তিদের বসিয়ে রেখেছে। এটি সরকার পতনের আন্দোলন নয়। এখানে সব রাজনৈতিক দলের শিক্ষকেরা আছেন। এটি একটি জাতীয় সংগ্রাম।’দশকের পর দশক ধরে শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীলতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।