শ্রীলঙ্কার উপকূলে উদ্ধারকৃতরা পুলিশি হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার জলসীমায় উদ্ধার করা বাংলাদেশ ও মিয়ানমারের ১২১ জনকে আজ সোমবার বাত্তিকালোয়া শহরের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধার করা অন্য ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীলঙ্কার নৌবাহিনী গতকাল রোববার সে দেশের পূর্ব উপকূলের একটি ডুবন্ত ট্রলার থেকে ১৩৮ জনকে উদ্ধার করে। এর মধ্যে একজন মারা যান উদ্ধারের আগেই। ভাগ্যবিড়ম্বিত লোকগুলো গত ১১ জানুয়ারি টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। উদ্ধার হওয়া লোকদের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে কলম্বোতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, শ্রীলঙ্কার নৌবাহিনী ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষে ১২১ জনকে বাত্তিকালোয়া শহরের নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে পড়া ১৬ জনকে পূর্ব উপকূলের পোতাশ্রয় ওলুউইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিউর রহমান বলেন, শ্রীলঙ্কার প্রশাসনের সহায়তায় বাংলাদেশ হাইকমিশন তাঁদের মানবিক সহায়তা দেওয়ার কাজে সহায়তা করছে। উদ্ধার হওয়া লোকদের মধ্যে বাংলাদেশের নাগরিক কতজন জানতে চাইলে হাইকমিশনার বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা যায়নি। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বাংলাদেশকে জানানোর পর তাঁদের কনস্যুলার সহায়তা দেওয়ার পাশাপাশি নাগরিকত্বের বিষয়টি যাচাই করা হবে। বাংলাদেশিদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়া সাপেক্ষে তাঁদের দেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, উদ্ধার করা লোকদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তাঁদের অধিকাংশই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করায় তাঁরা মোটামুটি সাবলিলভাবে বাংলায় কথা বলতে পারেন। তবে আচরণ ও বেশভূষায় তাদের জাতীয়তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, উদ্ধার হওয়া লোকদের সহায়তায় দোভাষী হিসেবে নিয়োজিত হামিদ আজ রাতে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘কথা বলে মনে হয়েছে, তাঁদের বেশির ভাগ বাংলাদেশি।’ হামিদের ভাষ্য অনুযায়ী, ভাগ্যবিড়ম্বিত এসব লোক টেকনাফের তিন প্রতারকের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় পাড়ি দিতে ট্রলারে উঠেছিলেন।