শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে নিহত ২৭
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে গতকাল শুক্রবার কয়েদি ও কারারক্ষীদের মধ্যে গুলিবিনিময়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। কারামন্ত্রী চন্দ্রশিরি গজাদিরা দেশটির পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন বলে আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।খবরে বলা হয়, এ ঘটনায় ৫৯ জন কয়েদি আহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। আহত কয়েদিদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘটনার সময় অনেক বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে। তিন দশকের মধ্যে শ্রীলঙ্কার কোনো কারাগারে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেনি।কর্মকর্তারা জানান, কলম্বোর ওয়েলিকাদা কারাগারে গতকাল পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা মাদক দ্রব্য ও গোপনে আসা মুঠোফোনের সন্ধানে তল্লাশি করেন। তল্লাশি শেষে ফিরে আসার সময় উচ্ছৃঙ্খল কয়েদিরা এসটিএফের সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এসটিএফের সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ছুড়লে কয়েদিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে কয়েদিরা কারাগারের গোলাবারুদের গুদাম থেকে অস্ত্র নিয়ে এসটিএফ ও কারাপুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী তলব করে কর্তৃপক্ষ। বর্তমানে কারাগারটির পরিস্থিতি শান্ত রয়েছে। ওয়েলিকাদা কারাগারে সাড়ে চার হাজার বন্দি রয়েছে। এর মধ্যে সাবেক তামিল টাইগার গেরিলাও রয়েছে।