শ্রীলঙ্কার নির্বাচনে ক্ষমতাসীন জোটের নিরঙ্কুশ বিজয়
পঁচিশ বছরের গৃহযুদ্ধের পর অনুষ্ঠিত প্রথম সংসদীয় নির্বাচনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করল। আজ বুধবার প্রকাশিত চূড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী রাজাপক্ষের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউএফপিএ) পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৪৪টিতে জয়ী হয়েছে। মাত্র ছয়টি আসনের জন্য ইউএফপিএ পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেল না। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোটটিকে দ্বীপরাষ্ট্রটির সংবিধান পরিবর্তনের ক্ষমতা দিত।বেশির ভাগ রাজনৈতিক বিশ্লেষকেরা অনুমান করছেন, সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রেসিডেন্ট অন্যান্য দল থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের ইউএফপিএর অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।গতকাল মঙ্গলবার দুটি জেলায় পুনরায় ভোট গ্রহণ করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ওই দুটি জেলায় ৮ এপ্রিল ভোটগ্রহণ স্থগিত করা হয়।নির্বাচনে প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ৬০ আসন ও প্রাক্তন বিদ্রোহী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ১৪ আসনে জয় লাভ করে।নির্বাচন পর্যবেক্ষকেরা জানিয়েছেন, গতকালের নির্বাচনে কোনো সহিংসতা বা অসদাচরণের ঘটনা ঘটেনি। কেবল একটি ভোটকেন্দ্র থেকে বিরোধীদলীয় এক নির্বাচনী প্রতিনিধিকে সাময়িকভাবে বের করে দেওয়া হয়। নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হয়।নির্বাচন কমিশন মঙ্গলবার জানায়, ইউএফপিএ ত্রিনকোমালিতে দুটি ও ক্যান্ডিতে আটটি আসনে জয়ী হয়েছে।