শ্রীলঙ্কার নির্বাচনে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ)। ২২৫টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৮০টির ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ইউপিএফএ লাভ করেছে ১১৭টি আসন। শ্রীলঙ্কার পার্লামেন্টে ১১৩টি আসন পেলেই কোনো দল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেই হিসেবে ইউপিএফএ শ্রীলঙ্কায় নতুন সরকার গঠন করতে যাচ্ছে। ২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয়ের পর এটি প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের দ্বিতীয় নির্বাচনী বিজয়। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষে প্রতিদ্বন্দ্বী শরত্ ফনসেকাকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।পার্লামেন্ট নির্বাচনে ইউপিএফএর বিজয়ের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রাজাপক্ষে বলেন, ‘এই বিজয় আমার প্রতি শ্রীলঙ্কার জনগণের আস্থারই বহিঃপ্রকাশ।’তবে এখন পর্যন্ত ৬৪টি আসন পাওয়া বিরোধী ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছে, নির্বাচনে ক্ষমতাসীন দল সরকারি সুযোগ-সুবিধার নজিরবিহীন অপব্যবহার করেছে। ইউএনপির মহাসচিব তিসা আতানায়েকে বলেছেন, ‘বৃহস্পতিবারের নির্বাচনকে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও কারচুপি ব্যাপকভাবে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছে।’—রয়টার্স