শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু
শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ২২৫ আসনের এই পার্লামেন্ট নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ভোটারের সংখ্যা এক কোটি ৪০ লাখ ৮৮ হাজার। ৩৬টি রাজনৈতিক দলের সাত হাজার ৬২০ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন সে দেশের ২৫ বছরব্যাপী গৃহযুদ্ধ-পরবর্তী প্রথম সংসদীয় ভোটযুদ্ধে। প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে আজ বৃহস্পতিবার সকালে তাঁর নিজের এলাকা শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় জেলা হামবানতোতার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।এদিকে শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার দয়ানন্দ দিশানায়াকে শ্রীলঙ্কার জনগণকে নির্ভয়ে ও নিঃশঙ্ক চিত্তে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের যত দ্রুত সম্ভব সকাল-সকাল কেন্দ্রে এসে ভোট দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।ছত্রিশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রেসিডেন্ট রাজাপক্ষের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স সঙ্গে বিরোধী ইউনাইটেড ন্যাশনাল পার্টি এবং পিপলস লিবারেশন ফ্রন্টের নেতৃত্বে সদ্য গড়ে ওঠা বামপন্থী রাজনৈতিক জোট ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্সের মধ্যে।এদিকে পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটিকে। শ্রীলঙ্কার পুলিশের নির্বাচনী ব্যুরোর প্রধান গামিনি নবরত্ন জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী কলম্বোসহ গোটা শ্রীলঙ্কায় মোতায়েন করা হয়েছে প্রায় ৮০ হাজার পুলিশ ও সেনাসদস্য। উল্লেখ্য, জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পর, ফেব্রুয়ারিতে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে। প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকাকে পরাজিত করেন প্রায় ১৮ লাখ ভোটের ব্যবধানে।— রয়টার্স, জিনহুয়া