শ্রীলঙ্কার প্রধান বিচারপতি বরখাস্ত
শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের বিরুদ্ধে পার্লামেন্টের আনা অভিশংসন-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। এর মাধ্যমে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিকে বরখাস্ত করা হলো। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রেসিডেন্টের মুখপাত্র মোহন সমরানায়েকে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, ‘শিরানি বন্দরনায়েকেকে প্রধান বিচারপতির পদ থেকে বরখাস্ত-সংক্রান্ত চিঠিতে আজ সকালে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। চিঠিটি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা নিজ হাতে শিরানিকে হস্তান্তর করেন।’ গত শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে শিরানি বন্দরনায়েকেকে অভিশংসনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে তাঁকে অপসারণের পক্ষে ১৫৫ ও বিপক্ষে ৪৯ ভোট পড়ে। গতকাল শনিবার এ বিষয়ে অন্য বিচারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রাজাপক্ষে। পরে আজ সকালে অপসারণের ওই নথিতে স্বাক্ষর করেন তিনি। এর মাধ্যমে দেশটিতে সাংবিধানিক সংকট দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট শিরানির বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়াকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করেছিলেন। এ ছাড়া এ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছে পশ্চিমা রাষ্ট্রগুলোসহ দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনজীবীরা।