শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বিদায় সংবর্ধনা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আজ বুধবার সকালে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাসস জানায়, রাষ্ট্রপতি জিল্লুর রহমান সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজাপক্ষে ও শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষেকে বিদায় জানান। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।এ সময় বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, সেনা ও নৌবাহিনীর প্রধানেরা, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজাপক্ষের নেতৃত্বে শ্রীলঙ্কার ৫৪ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। তাদের মধ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেরিস, পার্লামেন্টের সদস্য ও ১১ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল ছিল।রাজাপক্ষের সফরকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে রপ্তানি এবং সংস্কৃতি, কৃষি, মত্স্য ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাবিষয়ক পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।