শ্রীলঙ্কার বিশ্ববিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৯৬ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসবিশ্বকাপ পাশের বাড়িতে আগেও নেমেছিল একবার। চতুর্থ বিশ্বকাপ। ১৯৮৭ সালে। ভারতে আর পাকিস্তানে। ১৯৯৬-এ নামল দ্বিতীয় বার। এবার আমাদের পাড়ার তিন বাড়িতে। আগের দুবাড়ি তো আছেই, তৃতীয় বাড়ি শ্রীলঙ্কা। আমাদের নিয়ে ওদের মিলের একটি ‘কমন’ জায়গা হলো কমনওয়েলথ। আবার তিন দেশের ক্রীড়াভুবনেরও কমন একটি ওয়েলথ হচ্ছে ক্রিকেট। কারও বেশি কারও কম। তবে, একটা বিষয় বারবার নিশ্চিত হচ্ছিল, সেবারও হলো। ‘ফিরে দেখা বিশ্বকাপ’-এর তিন আসরেও আমরা দেখলাম—বিশ্বকাপ যেন স্বাগতিকদের জন্য নয়।নিজেদের মাঠে যখন বিশ্বকাপ নামে, তাক লাগিয়ে খেলা দূরে থাক, ভালোমতো কেউ যেন নড়তেও পারে না। একেবারে প্রথম দিকে, ১৯৭৯ সালে, দ্বিতীয় আসরে, একবারই শুধু স্বাগতিক দেশ ফাইনালে উঠেছিল। ইংল্যান্ড। তারপর, সেমিফাইনালের ঢিবি পেরুতেই তাদের খাবি খাওয়া শুরু হলো। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা উঠল বটে। তবে তাদের ফাইনালটি খেলতে হলো বিদেশে, পাকিস্তানের লাহোরে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে ক্রোধের একটা অ্যাটম বোমা হয়ে ওরা ভারতে নামে। তাদের সঙ্গে দুটো ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। দুটোই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। নিরাপত্তার বিষয়ে শ্রীলঙ্কা বারবার নিশ্চয়তা দেওয়ার পরও ‘আমরা নিরাপদ নই, আমরা নিরাপদ নই’ গাইতে গাইতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দুটি খেলার জন্য ভারত মহাসাগর পাড়ি দেয়নি। ওয়াকওভার পেয়ে যায় শ্রীলঙ্কা। অগৌরবের এ জোড়াবিজয় তাদের কনকর্ডের গতিতে এগিয়ে দেয়। এগিয়ে যাওয়া লঙ্কা কলকাতায়, সেমিফাইনালে (১৩ মার্চ) অদ্ভুত এক অবস্থায় পড়ে যায়। বিজয় প্রায় অবধারিত হয়ে ওঠার পর তাদের আনন্দের ভান্ডে নোংরা জল ঢেলে দেয় কল্লোলিনী কলকাতার উন্মত্ত দর্শক। ৮ উইকেটে তোলা তাদের ২৫১ (অরবিন্দ ডি সিলভা ৪৭ বলে ৬৬) ভারতকে ভড়কে দিয়েছিল। ধসের বিষয়টি শুরুতে ভাবা যাচ্ছিল না। ভালোই জবাব দিচ্ছিল ভারত। সহসা দেখা গেল, এক পক্ষে কিছুটা খেলছেন টেন্ডুলকার (৮৮ বলে ৬৫), আরেক পক্ষে পুরোটাই খেলছেন জয়াসুরিয়া (৩৪.১ ওভার পর খেলা বন্ধ হওয়ার মুহূর্তে ৭ ওভারে ১২ রানে ৩ উইকেট। ভারতের সংগ্রহ তখন ৮ উইকেটে ১২০। এক প্রান্তে ক্রন্দনরত বিনোদ কাম্বলি।) উন্মত্ত গ্যালারির জন্য খেলা চলতে না পারায় অসহায় আম্পায়ার স্টিভ ডান ও সিরিল মিসলিকে অব্যাহতি দিয়ে ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড জানিয়ে দেন—ম্যাচ এখানেই শেষ, শ্রীলঙ্কাকে আমরা ফাইনালে পাঠিয়ে দিলাম।পরের দিন (১৪ মার্চ), যে দুল তাদের দেশে খেলতে যায়নি (অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ) তারাই একে অন্যকে বধ করে ফাইনালে ওঠার সংগ্রামে মাতল চণ্ডীগড়ের মোহালিতে। মাত্র ৫ রানে জিতে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে। তবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের স্নায়ুবিনাশী প্রান্তিকে, রণেরাহিত্যের রণে (অস্ট্রেলিয়া ২০৭/৮, ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৩ ওভারে ২০২) ভেঙ্কটরাঘবনের বিতর্কিত সিদ্ধান্তে ইয়ান বিশপ কট বিহাইন্ড না হলে ম্যাচের ফলের ঘরে অন্য কিছুও বসতে পারত। তার আগে সময় বড় বেশি গিলেছিলেন চন্দরপল (১২৬ বলে ৮০)। ফাইনালে অস্ট্রেলিয়ার ২৪১ রান ছাড়িয়ে অনেক দূর যাওয়ার কথা ছিল যখন দ্বিতীয় উইকেটে মার্ক টেলর-রিকি পন্টিংয়ের ১০১ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়া পৌঁছাল ১ উইকেটে ১৩৭-এ। তাদেরই আবার ২৪১/৭ পাওয়ার কথা ছিল না যখন শ্রীলঙ্কার চতুর্মুখী স্পিন আক্রমণের মুখে পড়ে গতিহীন অবস্থায় ৫ উইকেটে ১৭০-এর স্থিতিতে তারা কাঁপছিল। শ্রীলঙ্কার ৭ উইকেটে জেতা ম্যাচটি শেষ পর্যন্ত একজনের হয়ে যায় অরবিন্দ ডি সিলভার জন্য (সেমিফাইনাল ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। তার আগে এ কৃতিত্ব মহিন্দর অমরনাথের, ১৯৮৩; পরে শেন ওয়ার্নের, ১৯৯৯)। ফাইনাল তো ফাইনাল, কোনো বিশ্বকাপ ম্যাচেই এমন সব্যসাচী পারঙ্গমতা ও জঙ্গমতা (৯ ওভারে ৩/৪২ ও ১২৪ বলে ১০৭) আমরা তার আগেও দেখিনি, পরেও নয়। ক্রিকেট, তুমি বড় প্রাণঘাতিনী, তোমার মাধুরী বড় সর্বনাশা।