শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
জাতিসংঘ মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-সমর্থিত শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের ব্যাপারে আনা প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতসহ ২৫টি সদস্য দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট পড়েছে ১৩টি। আটটি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। বার্তা সংস্থা পিটিআই জানায়, ওই প্রস্তাবে শ্রীলঙ্কা সরকারকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ‘স্বাধীন’ ও ‘বিশ্বাসযোগ্য’ তদন্তের আহ্বান জানানো হয়।শ্রীলঙ্কা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, ইউএনএইচআরসিতে গৃহীত প্রস্তাব দেশটিকে ‘কলঙ্কিত’ ও ‘বিভাজিত’ করবে। তা ছাড়া প্রস্তাবটি ‘পক্ষপাতমূলক’ ও ‘রাজনৈতিক’।শ্রীলঙ্কা দাবি করেছে, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানিথাম পিল্লাইয়ের বিতর্কিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রস্তাবটি করা হয়েছে।শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দশকব্যাপী গৃহযুদ্ধের শেষ পর্যায়ে ২০০৯ সালে সরকারি বাহিনীর অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। ওই লড়াইয়ের শেষ পর্যায়ে ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে। কলম্বো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে শ্রীলঙ্কায় তামিলদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আনতে ব্যর্থ হওয়ায় ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকারের কড়া সমালোচনা করেছে ডিএমকে দল। এর আগে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণাও দেয় এই দলটি। ভারতের তামিলনাড়ুতে কয়েক লাখ তামিল নাগরিক বসবাস করে। তারা প্রতিবেশী দেশে স্বজাতি নিপীড়নের ঘটনায় নয়াদিল্লির অবস্থানে ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএমকের দূরত্ব তৈরি হয়।