শ্রীলঙ্কায় খবর সংগ্রহে বিবিসির ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় তামিল অধ্যুষিত এলাকায় গৃহযুদ্ধসংক্রান্ত শুনানির খবর সংগ্রহে বিবিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলম্বো সরকার।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিনি বিবিসিকে ওই শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেবেন না। আজ শনিবার শুরু হয়ে আগামী তিন দিন পর্যন্ত এই শুনানি চলবে।এই তিন দিনে সাধারণ মানুষ তামিল নিয়ন্ত্রণে থাকাকালে গৃহযুদ্ধের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন। সরকার বলছে, গৃহযুদ্ধ তদন্তে গঠিত কমিশন এ ধরনের সংঘাতের পুনরাবৃত্তি রোধে কাজ করছে।এই কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যুদ্ধের ফলে যে সব সাধারণ তামিল আহত ও বাস্তুচ্যুত হয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলা। আজ কমিশনের সদস্যরা এককালে তামিল টাইগার নিয়ন্ত্রত শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে কিলিনচ্চি ও মুল্লাইতিভু এলাকা পরিদর্শন করবেন। কমিশনের সফরকালে যে সব শুনানি অনুষ্ঠিত হবে, তার মধ্যে অনেকগুলো সবার জন্যই উন্মুক্ত থাকবে। তবে বিবিসি এই শুনানি পর্যবেক্ষণ করার অনুমতি চেয়ে আবেদন করলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তা নাকচ করে দেয়। কিন্তু কী কারণে বিবিসিকে ওই শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি, তা ব্যাখ্যা করেননি ওই কর্মকর্তা।শ্রীলঙ্কা একপেশে সংবাদ প্রকাশের জন্য দেশি ও বিদেশি সাংবাদিকদের নিয়মিত দোষারোপ করে থাকে।—বিবিসি।