শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় মাতালি শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৬০ জনের কঙ্কাল পাওয়া গেছে বলে একজন ফরেনসিক বিশেষজ্ঞ বিবিসিকে জানিয়েছেন। সিংহলি গেরিলাদের হত্যা করে সেখানে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে ওই ফরেনসিক বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন। তবে গণকবরটি নিয়ে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ বলেছেন, অরাজনৈতিক কারণে প্রাণ হারানো ব্যক্তিদের সেখানে দাফন করা হয়েছে। কলম্বো পুলিশের মুখপাত্র প্রিশানথা জায়াকোদি দাবি করেছেন, গত শতকের চল্লিশের দশকে ভূমিধসে মারা যাওয়া ব্যক্তিদের সেখানে দাফন করা হয়ে থাকতে পারে। মাতালি শহরের একটি হাসপাতালে ভবন নির্মাণের কাজ করার সময় গত মাসে শ্রমিকেরা এই গণকবরের সন্ধান পান। ফরেনসিক বিশেষজ্ঞ অজিত জয়াসেনা বলেছেন, ওই গণকবরে পুরোপুরি ও আংশিক মিলিয়ে ৫৮ জনের কঙ্কাল পাওয়া গেছে। সেখানে আরও কঙ্কাল থাকতে পারে। অজিত জয়াসেনা বলেন, মনে হচ্ছে এখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে। কারণ, এটা লাশ দাফনের জায়গা নয়। দেহাবশেষের লিঙ্গ, বয়স ও মৃত্যুর কারণ নির্ণয় করে এ ব্যাপারে একটা উপসংহারে আসা যাবে।