শ্রীলঙ্কায় নৌকা থেকে ১২৭ বাংলাদেশি উদ্ধার
ভারত সাগরে শ্রীলঙ্কার পূর্ব উপকূল থেকে মাছ ধরার কাঠের একটি ডুবন্ত নৌকা থেকে শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ছিল মৃত। আজ রোববার শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র কোসালা ওয়ারনাকুলাসুরিয়ার বরাত দিয়ে বিবিসি বাংলা ও পিটিআইয়ের খবরে এ কথা বলা হয়েছে। কোসালা ওয়ারনাকুলাসুরিয়া বলছেন, ‘মোট ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি ও ১১ জন মিয়ানমারের নাগরিক। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু।’ নৌকাটি অন্তত ১০ দিন ধরে সাগরে ভাসছিল বলে তিনি ধারণা করছেন। তবে মিয়ানমারের নাগরিকেরা সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।স্থানীয় জেলেরা সাগরে দুদিন ধরে নৌকাটি ভাসতে দেখার পর বিষয়টি তাঁরা মত্স্য কর্তৃপক্ষকে জানান।নৌবাহিনীর ওই মুখপাত্র বলেছেন, মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে খবর পাওয়ার পর পূর্ব উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে তিনটি জাহাজ পাঠিয়ে ডুবন্ত নৌকা থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।শ্রীলঙ্কা নৌবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, অন্তত ২০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।যাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাদের স্থানীয় সরকারি হাসপাতালে এবং অনেককে রাজধানী কলম্বোতে পাঠানো হয়েছে বলে জানান কোসালা ওয়ারনাকুলাসুরিয়া। তিনি বলেন, অনেক দিন অনাহারে থাকায় প্রত্যেকের শারীরিক অবস্থা দুর্বল। অনেককে উদ্ধার করা হয়েছে প্রায় অচেতন অবস্থায়।উদ্ধার হওয়া যাত্রীরা কর্মকর্তাদের জানিয়েছেন, এই কদিন তারা শুধু সমুদ্রের নোনা পানি খেয়ে বেঁচে ছিলেন।উদ্ধারকারীদের ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করতে বাংলাদেশ ও মিয়ানমারের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন। নৌকাটি কোন দেশ থেকে যাচ্ছিল, সে বিষয়ে শ্রীলঙ্কার কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। কিন্তু সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বেশ কয়েকটি নৌকা আটক করেছেন বাংলাদেশের কোস্ট গার্ডের সদস্যরা।শ্রীলঙ্কা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা নিশ্চিত যে এসব যাত্রী শ্রীলঙ্কায় যেতে চায়নি। তাদের উদ্ধারের পর শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে বলে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।