শ্রীলঙ্কায় রাজাপক্ষে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত
শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ‘রূপবাহিনী’র ঘোষণা অনুযায়ী মাহিন্দা রাজাপক্ষে সে দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তবে এখনো প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। বিবিসি জানিয়েছে, রাজাপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন । এ পর্যন্ত মোট ভোটের ৮৫ শতাংশ গণনা করা হয়েছে। নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, তার মধ্যে রাজাপক্ষে ৪৯ লাখ ৯০ হাজার এবং প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল শরত্ ফনসেকা ৩৩ লাখ ৯০ হাজার ভোট পেয়েছেন।রূপবাহিনী দাবি করেছে, রাজাপক্ষে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১৮ লাখ ভোটে এগিয়ে থেকে নিশ্চিত বিজয় লাভ করেছেন।নির্বাচন কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, মোট ভোট পড়েছে ৯৮ লাখ। আর দেশটির এক কোটি ৪৮ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছে। এদিকে রাজধানী কলম্বোতে রাজাপক্ষের প্রতিদ্বন্দ্বী জেনারেল শরত্ ফনসেকা যে হোটেলে অবস্থান করছেন, তার সামনে প্রায় ১০০ সশস্ত্র সেনা অবস্থান নিয়েছেন। সরকারের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ফনসেকাকে আটক করা তাঁদের উদ্দেশ্য নয়, তাঁরা সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সদস্যদের খুঁজছেন। সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়াক্কারা বলেন, ওই সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। কেননা, সিনামন লেকসাইড হোটেলের সামনে ৪০০ জনেরও বেশি লোক সমবেত হয়েছে, যাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।তবে জেনারেল ফনসেকা আশঙ্কা করছেন, নির্বাচনে জিতলে সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে। ফনসেকা কয়েক ঘণ্টার মধ্যেই হোটেলে সংবাদ সম্মেলন করবেন।গতকাল মঙ্গলবার গৃহযুদ্ধ-পরবর্তী শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগেই কয়েকটি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় চার দশকের গৃহযুদ্ধের অবসানের পর দেশটিতে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। দেশজুড়ে ১১ হাজার ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয় প্রায় ৬৮ হাজার পুলিশ এবং ১২ হাজার সৈন্য।