শ্রীলঙ্কায় সাগর থেকে ১২৭ বাংলাদেশি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার পূর্ব উপকূলে একটি নৌকা থেকে গতকাল রোববার বাংলাদেশ ও মিয়ানমারের ১৩৮ জন নাগরিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এঁদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি।মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল। তিনি বাংলাদেশের নাগরিক। অনাহার ও পানিশূন্যতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কোসালা ওয়ার্নাকুলাসুরিয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, পূর্ব উপকূলে সাগরে মাছ ধরার একটি বড় নৌকায় ১৩৮ ব্যক্তি ভাসছিলেন। সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা নৌকাটি দেখতে পেয়ে এগিয়ে যান। ওই যাত্রীদের মধ্যে তিনজন নারী ও তিনটি শিশু ছিল। খাদ্য ও পানীয়সংকটে যাত্রীদের অবস্থা ছিল করুণ। উদ্ধারের সময় এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া যাত্রীদের বেশির ভাগই পানিশূন্যতায় ভুগছেন। তাঁদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে গুরুতর অবস্থায় কলম্বোয় পাঠানো হয়েছে। বাকিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।শ্রীলঙ্কার নৌবাহিনীর ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের বহনকারী ট্রলারটি প্রথমে শ্রীলঙ্কার একটি মাছ ধরার নৌকার ব্যক্তিদের নজরে আসে। পরে খবর পেয়ে নৌবাহিনীর তিনটি জাহাজ গিয়ে ওলুউইলের ৫০ নটিক্যাল মাইল পূর্ব উপকূল থেকে এঁদের উদ্ধার করে। এতে বলা হয়, উদ্ধার করা ১৩৮ জনের মধ্যে ১২৭ জন বাংলাদেশের নাগরিক।শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গত শনিবার ভোরে হাইকমিশনের দুই কর্মকর্তাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। চরম পানিশূন্যতায় ভুগতে থাকা ১৫ জনকে চিকিৎসার জন্য আক্কারাইপাত্তু নৌঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিউর রহমান আরও বলেন, উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বাংলাদেশের লোকজনের পরিচয় সম্পর্কে তথ্য জানানোর পর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী মাছ ধরার যে ট্রলারটি উদ্ধার করেছে, সেটির নাবিকসহ অন্য কর্মীরা মিয়ানমারের নাগরিক। উদ্ধারকৃত ব্যক্তিদের সহায়তায় দোভাষী হিসেবে কর্মরত হামিদ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁরা গত ১১ জানুয়ারি টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। ১০ দিন পর থাইল্যান্ডের জলসীমায় ঢোকার পর তাঁরা থাই নৌবাহিনীর হাতে ধরা পড়েন। থাই নৌবাহিনীর সদস্যরা তাঁদের দুই দিন আটকে রাখেন। এর পরের ১০ দিন তাঁরা উদ্দেশ্যহীনভাবে ওই ট্রলারে করে ভেসে বেড়ান। এরই মধ্যে খাবারের অভাব আর পানিশূন্যতায় তাঁদের অধিকাংশই কাবু হয়ে পড়েন। তাঁরা জানান, টেকনাফের তিন প্রতারকের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার উদ্দেশে তাঁরা ট্রলারে উঠেছিলেন।