শ্রেণীকক্ষ এবং আসবাব সংকটে বারান্দায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও আসবাবের সংকটে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের বারান্দায় বসিয়েই পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা। অপর দিকে বিদ্যালয় মাঠের ৮৩ শতাংশ জায়গা অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়সূত্র জানায়, পীরগাছার কৈকুড়ী ইউনিয়নের ইছলারহাট নামক স্থানে ১৯৫২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ছাত্রছাত্রীর সংখ্যা ২০৯। শিক্ষকসংখ্যা পাঁচ। শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি পুরোনো পাকা ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে তিনটি শ্রেণীকক্ষবিশিষ্ট একটি পৃথক পাকা ভবনে পাঠদান চলতে থাকে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও আসবাবের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এখানে এখন দুই শিফটে পাঠদান করা হলেও এ বছর শিশু শ্রেণী চালু হওয়ায় এ সংকট প্রকট আকার ধারণ করেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রেণীকক্ষ ও আসবাবপত্র সংকটে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের বারান্দার সিঁড়িতে বসিয়ে পড়াচ্ছেন শিক্ষিকা তহমিনা বেগম। তিনি জানান, এমনিতেই আগে থেকেই বিদ্যালয়ে কক্ষ ও আসবাবের অভাব, তার ওপর এ বছর শিশু শ্রেণী চালু হওয়ায় তা আরও প্রকট হয়েছে। বাধ্য হয়ে বারান্দায় শিশুদের পাঠদান করা হচ্ছে। শিশু শ্রেণীর ছাত্র, নাহিদ, ইমরান ও তানিয়া জানায়, ভর্তি হওয়ার পর থেকেই তারা বারান্দায় বসেই ক্লাস করছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী আরফিন, দ্বিতীয় শ্রেণীর ছাত্র আকাশ, তৃতীয় শ্রেণীর ছাত্র নাজমুল, চতুর্থ শ্রেণীর ছাত্র অয়ন চৌধুরী, মিজানুর ও পঞ্চম শ্রেণীর ছাত্রী জারিন তাসমিন জানায়, ক্লাসে বেঞ্চ কম থাকায় গাদাগাদি করে বসলেও জায়গা হয় না। তখন দাঁড়িয়েই তাদের ক্লাস করতে হয়। শিক্ষিকা হোমায়রা বেগম জানান, দীর্ঘদিন ধরে এখানে কক্ষ ও আসবাবের সংকট থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে বিদ্যালয়ের ১ দশমিক ২২ একর মাঠের জমির মধ্যে দশমিক ৮৩ একরই দখলদারেরা দখল করে দোকানঘর নির্মাণ করেছে। প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মেহেদী হেলাল বলেন, বাজারের এসব দোকান উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. সাত্তার প্রামাণিক জানান, সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেও কাজ হচ্ছে না। এ ছাড়া ১৯৯৯ সাল থেকে অবৈধ দখলদারেরা বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে আছে। অনেক চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ ফিরোজ ইফতেখারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টির পুরোনো ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা সংস্কার হলে শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের সংকট নিরসন হবে। তিনি মাঠ বেদখল হওয়ার ব্যাপারে বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি।