শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে মুঠোফোনে কথা বলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করা যাবে না। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে এ আদেশ যথাযথভাবে পালন করেন, সে জন্য নিজ নিজ প্রতিষ্ঠানকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো কোনো শিক্ষক শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এ জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গত রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শ্রেণীকক্ষে পড়ানোর সময় শিক্ষকদের মুঠোফোনে কথা বলা বন্ধ রাখতে পরিপত্র জারি করার ঘোষণা দেন।চলতি বছর করা চাইল্ড পার্লামেন্টের এক জরিপে দেখা যায়, ৭৫ শতাংশ শিক্ষার্থীর অভিযোগ শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষকেরা মুঠোফোনে কথা বলেন। এই সংগঠনের গতবারের আরেক জরিপের সময় ৭৪ শতাংশ শিক্ষার্থী এই অভিযোগ করেছিল। অর্থাৎ, শ্রেণীকক্ষে শিক্ষকদের কথা বলা বেড়েছে। বিষয়টি শিশুরা পছন্দ করে না। এ নিয়ে গত বছর চাইল্ড পার্লামেন্টের অধিবেশন থেকে শিক্ষামন্ত্রী শ্রেণীকক্ষে মুঠোফোনে কথা না বলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শিক্ষকেরা এতে সাড়া দেননি বলে খোদ শিক্ষামন্ত্রী অভিযোগ করেন এবারের অধিবেশনে। অবশেষে গতকাল এ বিষয়ে পরিপত্র জারি করতে হলো।