আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
শ্রেণীকক্ষ ও বেঞ্চ কম, শিক্ষার্থীরা ক্লাস করে দাঁড়িয়ে
নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে একটি মাত্র জরাজীর্ণ টিনের ঘর। প্রয়োজনীয় বেঞ্চ ও কক্ষের অভাব রয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে ক্লাস করে শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা গেছে, অষ্টম ও সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীরা বেঞ্চের অভাবে পেছনে দাঁড়িয়ে ক্লাস করছে। তিনটি শ্রেণীকক্ষের জানালার গ্রিল ও পাল্লা নেই। ঘরের টিনের চাল ছিদ্র হয়ে ফেটে নিচের দিকে ঝুঁকে পড়েছে। ঘরে সিলিং নেই। অফিসকক্ষে বসেন প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা। এ কক্ষেই পাঠাগারের কার্যক্রম চলে। আলমারির অভাবে পাঠাগারের বই পড়ে আছে যত্রতত্র। টেবিল-চেয়ার ভাঙাচুরা। মেয়েদের আলাদা কমনরুম নেই। তাই শ্রেণীকক্ষেই তারা থাকে সব সময়। আর্সেনিক-মুক্ত গভীর নলকূপটি অকেজো।অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খানম, তরিকুল ইসলাম, জাফরিন খানম, পিয়া খানম, ইমদাদুল হকসহ কয়েকজন দাঁড়িয়ে ক্লাস করছিল। তারা জানায়, এভাবে দাঁড়িয়ে ক্লাস করা কষ্টকর। আলাদা কমনরুম বা কোনো জায়গা নেই যে ক্লাস শেষে বিশ্রাম নেওয়া যায়। নবম শ্রেণীর শিক্ষার্থী নাহিদুজ্জামান ও আদরি খানম জানায়, জানালার গ্রিল ও পাল্লা না থাকায় সকালে এসে শ্রেণীকক্ষে মলমূত্রও পাওয়া যায়। এগুলো দেখে ক্লাস করা যায় না। মদিনা খানম, রফিকুল ইসলাম ও হেলেনা খানম জানায়, বৃষ্টির দিন পানি পড়ে বই-খাতা ভিজে যায়। এদিকে টিনের ঘর, তাতে আবার সিলিং নেই—তাই গরমে দুপুরের সময় শ্রেণীকক্ষে বসা যায় না। গাছপালা না থাকায় দাঁড়াবারও জায়গা নেই। শ্রেণী-শিক্ষক বিবেকানন্দ মজুমদার ও মো. গোলাম মোস্তফা জানান, যেকোনো সময় টিনের চাল ভেঙে পড়তে পারে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে একটি মাত্র টিনশেড ঘর আছে। এ ঘরে কক্ষ রয়েছে সাতটি। এর ছয়টি শ্রেণীকক্ষ ও একটি অফিসকক্ষ। ছাত্রছাত্রী সংখ্যা ৩০৫ জন। আটজন শিক্ষক ও তিনজন কর্মচারী। ব্যবহার উপযোগী বেঞ্চ আছে ৪০ জোড়া। নিজস্ব খেলার মাঠ নেই। বিদ্যুৎ নেই। কৃষি বিষয়ের শিক্ষক ও গ্রন্থাগারিক নেই।প্রধান শিক্ষক মীর মোখতার আলী জানান, যখন মানবিক ও বাণিজ্য বিভাগের এবং ধর্মীয় শিক্ষার আলাদা ক্লাস হয়, তখন সাতটি শ্রেণীকক্ষ দরকার। আছে ছয়টি। এ ছাড়া বসার জন্য অন্তত আরও ২৫ জোড়া বেঞ্চ দরকার। বিদ্যালয়ে একটি ভবন হলে শিক্ষার পরিবেশ ফিরে আসত।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভূঁইয়া বলেন, বিদ্যালয়টি বারবার নদী-ভাঙনের কবলে পড়ায় পুরোনো হলেও ভালো অবকাঠামো গড়ে ওঠেনি। এখন একটি ভবন খুবই দরকার হয়ে পড়েছে। এর জন্য এলাকাবাসীকে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে।