শ্রেণীকক্ষে ককটেল বিস্ফোরণ, তিন ছাত্র আহত
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কের পাশে অবস্থিত বিসিআইসি স্কুলের একটি শ্রেণীকক্ষে গতকাল শনিবার দুপুরে ককটেল বিস্ফোরণে ষষ্ঠ শ্রেণীর তিন ছাত্র আহত হয়েছে।আহত ছাত্ররা হলো সাইফুর রহমান (১৩), বাদশাত জান (১২) ও রাকিবুল হাসান (১৩)। এদের মধ্যে প্রথম দুজনকে পঙ্গু হাসপাতালে এবং তৃতীয়জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু) চিকিৎসক সৈয়দ সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, সাইফুর ও বাদশাত জানের অবস্থা গুরুতর। সাইফুরের ডান হাতের দুটি আঙুল ভেঙে গেছে। বাদশাতের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাত লেগেছে বাঁ হাতেও। চক্ষুবিশেষজ্ঞরা তার চোখের অবস্থা সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন। সোহরাওয়ার্দীতে চিকিৎসাধীন রাকিবুলের এক হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা একটার পরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) স্কুলের দ্বিতীয় তলার শ্রেণীকক্ষে ষষ্ঠ শ্রেণীর সব শাখার শিক্ষার্থীরা ক্লাস করতে ঢোকে। এ সময় সাইফুর পেছনের বেঞ্চে বই রাখতে গিয়ে স্কচটেপ মোড়ানো একটি জর্দার কৌটা পায়। নাড়াচড়া করার সময় বিস্ফোরিত হলে সেসহ তিনজন আহত হয়। বিস্ফোরণের বিকট শব্দে স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্কুল ভবনে ও মাঠে চিৎকার ও ছোটাছুটি শুরু করে। বাইরে অপেক্ষমাণ অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শিক্ষকেরা ছুটে গিয়ে দেখেন, সাইফুর, বাদশাত ও রাকিবুল রক্তাক্ত অবস্থায় মেঝেতে কাতরাচ্ছে।আহতদের প্রথমে স্থানীয় বুশরা ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে সাইফুর ও বাদশাতকে পঙ্গু হাসপাতালে এবং রাকিবুলকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে শাহ আলী থানার পুলিশ গিয়ে আলামত জব্দ করে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে পাথরকুচি উদ্ধার করেছে। মনে হচ্ছে, এটি পটকা।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় বিসিআইসি কলেজের অধ্যক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কারা এখানে এটি রেখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।বিসিআইসি স্কুলের প্রধান শিক্ষক গুলশান আরা বলেন, বিস্ফোরণের সময় তিনি তাঁর দপ্তরে ছিলেন। তিনি বুঝতে পারছেন না এখানে ককটেল এল কী করে। তিনি জানান, গতকাল যথারীতি সব ক্লাস হয়েছে। গতকাল সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, সাইফুর ডান হাত ও দুই উরু এবং বাদশাত দুই চোখ ও বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছে। তাদের শিয়রে উদ্বিগ্ন মা-বাবা ও স্বজনেরা। সাইফুরের শরীরে স্যালাইন দেওয়া হচ্ছিল। সাইফুর জানায়, সে ষষ্ঠ শ্রেণীতে বি-১ শাখায় পড়ে। তাদের ক্লাস হয় স্কুলের চতুর্থ তলায়। গতকাল নবম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। এ কারণে ষষ্ঠ শ্রেণীর সব শাখার ক্লাস একসঙ্গে হবে বলে তাদের দ্বিতীয় তলায় যেতে বলা হয়। সহপাঠীদের সঙ্গে সে দ্বিতীয় তলার শ্রেণীকক্ষে ঢুকে পেছনের একটি বেঞ্চে বসে। বেঞ্চের ডেস্কে বই রাখতে গিয়ে সেখানে সে একটি স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা পায়। সে তা নাড়াচড়া করে দেখছিল। আরেক সহপাঠী তার হাত থেকে কৌটাটি নেওয়ার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে কৌটাটি তার হাতে বিস্ফোরিত হলে সে মেঝেতে পড়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই।বাদশাত জানায়, সে সাইফুরের পাশে ছিল। বিকট শব্দের পর সেও মেঝেতে পড়ে যায়। তার আর কিছু মনে নেই। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল জানায়, সে সাইফুরের কাছে যাচ্ছিল। ওই সময় বিস্ফোরণ ঘটে।সাইফুরের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনির হোসেন বলেন, তাঁদের বাসা মিরপুর ১ নম্বরের জেড ব্লকে। ছেলেকে তিনি স্কুলে নিয়ে যান এবং ছুটি শেষে আবার গিয়ে নিয়ে আসেন। ঘটনার পর এক শিক্ষক ফোনে তাঁকে স্কুলে যেতে বললে তিনি ঘটনা জানতে পারেন।পঙ্গু হাসপাতালের চিকিৎসক সামসুল আরেফিন বলেন, ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাইফুরের দুটি আঙুল হারাতে হতে পারে।