শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে ওই বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা খাতুনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে মধ্যাহ্নবিরতির সময় এ ঘটনা ঘটে।আরিফা খাতুন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর স্বামী সাঁথিয়া উপজেলার নন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন। তাঁরা উপজেলা সদরের চক কোনাবাড়িয়া গ্রামে থাকেন। আরিফার বাবার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা গ্রামে।আরিফা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রবিউল ইসলাম (৩৩) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলোকে জানান, আরিফা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ভাই আনিসুর রহমান বাদী হয়ে রবিউলসহ দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আরিফার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, লাশের সুরতহাল করার পর ধারণা করা হচ্ছে, আরিফাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, ‘আরিফা মা হতে যাচ্ছে বলে শুনেছিলাম। তাই ওর কথামতো সকালে এক কেজি সন্দেশ ও দুটি ডালিম নিয়ে আসি। কিন্তু তাকে খুব চিন্তিত দেখা যাচ্ছিল। এ সময় সন্দেশ ও ডালিম দেওয়া হলে শ্রেণীকক্ষ থেকে এসে নেবে বলে সে জানায়।’ প্রধান শিক্ষক আরও জানান, ‘বেলা সোয়া ১১টার দিকে আরিফা দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিতে শ্রেণীকক্ষে যায়। দুপুর ১২টায় ক্লাস শেষে ওই কক্ষের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ছাত্রছাত্রীরা মধ্যাহ্নবিরতিতে শ্রেণীকক্ষ থেকে খেলার মাঠে চলে যায়। আমি অফিসকক্ষেই ছিলাম। হঠাৎ আরিফার চিৎকার শুনে বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় স্কুল ভবনের বারান্দায় পড়ে যেতে দেখি। এ সময় তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে কিছুই বলতে পারেনি। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সোহাগ হোসেন জানায়, ‘আমরা সবাই মাঠে খেলছিলাম। হঠাৎ শ্রেণীকক্ষের ভেতর থেকে আরিফা ম্যাডামের চিৎকার শুনতে পাই। তাকিয়ে দেখি একটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে। ম্যাডামের সারা শরীরে রক্ত ছিল।’ বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা আলেক হোসেন জানান, ‘একটি অপরিচিত ছেলেকে সকাল থেকে বিদ্যালয়ের সামনে ঘুরতে দেখা যায়। কোথা থেকে এসেছেন? জানতে চাইলে সে বলে, বেড়াতে এসেছি। তার ভাষা পাবনা অঞ্চলের ছিল না। সিরাজগঞ্জ জেলার ভাষার সঙ্গে তাঁর কথার মিল পাওয়া গেছে।’বিদ্যালয়ের পাশের অপর এক বাড়ির নারী সদস্য মোমেনা খাতুন জানান, ‘ছাওয়ালডা শনিবার সকালেও স্কুলির সামনে আইছিল। সে আরিফা ম্যাডামেক দেহে বকাবাদ্দি করতেছিল। আরিফাক পানিত ডুবে মারা লাগবি এ রহম এটা কতা কতিও শুনছি।’আরিফার স্বামী আলমগীর হোসেন বলেন, ‘কখনো কোনো সমস্যা বা কারও সঙ্গে ঝামেলা আছে বলে আরিফা আমাকে জানায়নি। তবে মাঝে মধ্যে বলত, আমি বেশি দিন বাঁচব না।’আরিফার সাবেক বাড়িওয়ালার মেয়ে ও বিদ্যালয়ের পাশের বাড়ির ফারহানা ইয়াসমিন জানান, ‘স্কুলে যোগদানের পর থেকেই আরিফা আমাদের বাড়িতে জায়গির থাকতেন। তাঁর বিয়েটাও আমাদের বাড়িতে হয়। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জে বাবার বাড়িতে যেতেন না। তাঁর বিয়ের অনুষ্ঠান সিরাজগঞ্জে করছেন না কেন? এমন এক প্রশ্নে তাঁর বাবা বলেছিলেন, সেখানে একটু ঝামেলা আছে। তাই বিয়ের অনুষ্ঠানটা পাবনাতেই করতে হবে। তবে কী ঝামেলা তা তিনি বলেননি।’পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ঘাতক স্থানীয় রবিউলের ভ্যানে করে পালায়। গ্রেপ্তারের পর রবিউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সুপার প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘাতকের সঙ্গে আরিফার কোনো সম্পর্ক ছিল। আরিফার বিয়েতে সে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি: ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, শ্রেণীকক্ষে একজন শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করার মতো নৃশংস ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রেজাউল ইসলাম জানান, ‘ঘটনার পর আমরা হতভম্ব হয়ে পড়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’