রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের তিনটি শ্রেণীকক্ষে চলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম (রাকাব)। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রায় পাঁচ বছর আগে ব্যাংক কর্তৃপক্ষকে কক্ষ তিনটি ভাড়া দেয়। এতে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক ব্যাঘাত সৃষ্টিসহ বহিরাগত লোকজনের আনাগোনায় প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ছাড়া নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, উপজেলা সদর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৫৮ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে ওই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। ১৯৭৩ সালে নবম ও দশম শ্রেণীর কার্যক্রম এবং ১৯৯৯ সালে তা কলেজে উন্নীত করা হয়। দুটি শাখা মিলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৬০০ জন। তবে কলেজ শাখাটি আজও এমপিওভুক্ত না হওয়ায় ২১ জন শিক্ষক, কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের অভিযোগ, শিক্ষার্থীর তুলনায় প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ সংকট প্রকট। তারপরেও ২০০৫ সালে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্তে সবচেয়ে ভালো তিনটি পাকা শ্রেণীকক্ষ মাসিক দেড় হাজার টাকার বিনিময়ে নাগেরহাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখাকে ভাড়া দেওয়া হয়েছে। তখন থেকে সেখানে চলছে ব্যাংকের কার্যক্রম। শিক্ষার্থীরা অতিকষ্টে ক্লাস করছে মাঠে ও জরাজীর্ণ টিনসেড কক্ষে। ২ আগস্ট সরেজমিনে জানা যায়, পীরে আউলিয়া কুতুব উদ্দিন শাহর নামে মনোরম পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। সরকারি অনুদানে ১৯৯৬ সালে তিন কক্ষবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মিত হয়। বাকি সব শ্রেণীকক্ষ জরাজীর্ণ টিনসেডের। এসব টিনসেডের কক্ষে চলছে স্কুল শাখার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। প্রখর রোদে ছাউনির টিনের গরমে শিক্ষার্থীরা ঘর্মাক্ত হয়ে পড়েছে। অথচ পাকা করা তিনটি কক্ষে চলছে ব্যাংকের কার্যক্রম। ২০০৫ সালে বিএনপি জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করেন।জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কক্ষ-সংকটের পাশাপাশি রয়েছে বেঞ্চ-সংকট। কম্পিউটার শিক্ষক থাকলেও নেই কম্পিউটার। নেই ছাত্রীদের কমন রুম। টয়লেট-প্রস্রাবখানার অবস্থাও নাজুক। মাধ্যমিক শাখায় ১৫ জন শিক্ষকের পদ থাকলেও রয়েছেন ১১ জন। স্কুল শাখার শিক্ষক শাহাবুল ইসলাম বলেন, ‘শ্রেণীকক্ষ ভাড়া দেওয়ায় পাঠদানে কিছুটা সমস্যা হয়। তবে কলেজের ভেতরে ব্যাংকের শাখা আমাদের উপকারে আসছে।’কলেজ শাখার প্রভাষক বকুল রায় বলেন, ‘কলেজ শাখাটি দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় আমরা ২১ জন শিক্ষক, কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তারপরেও আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে আসছি। প্রতি বছর কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলও ভালো।’ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহারুল ইসলাম বলেন, ‘কলেজের সমস্যা অনেক। জনস্বার্থে কৃষি ব্যাংক নাগেরহাট শাখাকে কলেজের তিনটি শ্রেণীকক্ষ পাঁচ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এতে পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে চলতি বছরের ডিসেম্বরেই চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ব্যাংক কর্তৃপক্ষকে নতুন করে আর ভাড়া দেওয়া হবে না। কলেজের কম্পিউটারটি দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ, বসার বেঞ্চ ও শিক্ষক-সংকট প্রকট। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়ে আসছে। পরীক্ষার সামগ্রিক ফলাফল ভালো হলেও দীর্ঘদিনেও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়নি।’কৃষি উন্নয়ন ব্যাংক নাগেরহাট শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন মণ্ডল বলেন, ‘কলেজের কক্ষ ভাড়া নেওয়ার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ কক্ষ ভাড়া না দিলে ব্যাংক অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষ ভাড়া দিতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালকের অনুমতি নিতে হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা নিয়েছেন কি না জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’