শ্রেণীকক্ষের দাবিতে সাংবাদিকতা বিভাগের মানববন্ধন
নতুন কলা ভবনে শ্রেণীকক্ষ বরাদ্দসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নতুন কলা ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মানববন্ধনে বিভাগের সভাপতি অধ্যাপক লুত্ফর রহমান বলেন, ‘কোনো রকম শ্রেণীকক্ষ, প্রয়োজনীয় শিক্ষার উপকরণ ছাড়াই আমরা একটি বছর পার করেছি। অথচ প্রশাসনের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। প্রশাসন নতুন কলা ভবনে শ্রেণীকক্ষ বরাদ্দের আশ্বাস দিলেও সিদ্ধান্ত নিয়েছে তার বিপরীত।’ এরপর তিনি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মৌন মিছিল এবং বুধবার নতুন কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। ১ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ক্লাস বর্জনসহ লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।শিক্ষাক-শিক্ষার্থীদের বাকি দুটি দাবির মধ্যে আছে—নিজস্ব সেমিনার, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবের ব্যবস্থা এবং বিভাগের ইংরেজি নামের সঙ্গে সংগতিপূর্ণ বাংলা নামকরণ।বিভাগটি গত বছর নতুন কলা ভবনের একটি অতিরিক্ত কক্ষে যাত্রা শুরু করে। তাদের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণীকক্ষ এখনো বরাদ্দ দেওয়া হয়নি।