শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল থেকে শুরু হলো শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও কারুশিল্প মেলা। এ উপলক্ষে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কারও দেওয়া হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় বিকেলে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও পাঁচ দিনব্যাপী কারুমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মুনীরা এমদাদ।১৪১৮ বঙ্গাব্দে কারুশিল্পের চারটি মাধ্যমে শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হয়েছেন চারজন শিল্পী। তাঁরা হলেন: নারায়ণগঞ্জের জামদানির তাঁতি মুহম্মদ আবু তাহের, কোমর তাঁতের জন্য বান্দরবানের হায় না খুমি ও মৌলভীবাজারের লেহাও বিবি এবং পাবনার তাঁতবস্ত্রের জন্য কুড়িগ্রামের কারিগর মুহাম্মদ আবদুর রহমান। পুরস্কারের অর্থমান ৫০ হাজার টাকা। একই সঙ্গে নয়জন শিল্পীকে উত্তম কাজের জন্য প্রশংসাপত্র দেওয়া হয়। তাঁরা হলেন: জামাল হোসেন, আবদুল মোবারক, রবিউন্নেসা, মুহম্মদ ইউসুফ, আফজাল হোসেন, সেনাপতি শর্মা, কাইত লি খুমি, রূপা তঞ্চংগা ও হ্ল সু খেয়াং।দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের ১৫টি স্টল রয়েছে কারু মেলায়। রাজশাহী, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, মুক্তাগাছা, মাগুরা, কিশোরগঞ্জ, যশোর, বান্দরবান, মৌলভীবাজার ও কুড়িগ্রাম থেকে অর্ধশতাধিক কারুশিল্পী এসব স্টলে তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করছেন।মেলা চলবে ২৮ নভেম্বর (প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা) পর্যন্ত।বহ্নিশিখার প্রতিষ্ঠাবার্ষিকীসংগীত সংগঠন বহ্নিশিখার ছয় বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাসান আরিফ ও ক্রান্তির সভাপতি মাহবুবুল হায়দার। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুপু খান। এতে উদীচী, ক্রান্তি, ঋষিজ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমি ও বহ্নিশিখার শিল্পীরা গান গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল: ‘কেউ মানো আর না মানো’, ‘ভয় কী মরণে’, ‘যায় যদি যাক প্রাণ, তবু দেব না গোলার ধান’, ‘মানুষের সাথে বসবাস করি’ প্রভৃতি।নাট্যোৎসবে ময়ূর সিংহাসন‘হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে’ শীর্ষক লোকনাট্যদলের তিন দশক পূর্তির নাট্যোৎসবে গতকাল বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দিন। এদিন জাতীয় নাট্যশালা মঞ্চে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে ময়ূর সিংহাসন। মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম। গতকাল ছিল নাটকটির ১০১তম প্রদর্শনী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান, আরিফ হোসেন, এজাজ মুননা, শাহ আলম, মান্নান হীরা, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, আমীন আজাদ, সোমা চৌধুরী, আ খ ম হাসান, জয়রাজ, তাজিন আহমেদ, আমিনুল হক, আ কা শামসুদ্দিন, সয়ফুজ্জামান প্রমুখ।নাটক মঞ্চায়নের আগে বিকেল পাঁচটা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাটকের গান। আজ শুক্রবার মঞ্চায়িত হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী।রাধারমণ সংগীত উৎসবআজ শুক্রবার সারা দিনব্যাপী গীতিকবি রাধারমণের গানের উৎসবের আয়োজন করছে শিল্পকলা একাডেমী ও রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র। ভাটি অঞ্চলের লালনখ্যাত এই সাধকের গান নিয়ে উৎসব হবে একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে।রাধারমণের গানের প্রবীণ শিল্পী সুষমা দাস সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিরতিহীনভাবে রাত নয়টা পর্যন্ত চলবে গানের পালা।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার রবীন্দ্রস্মরণকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, নৃত্য আর নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করল প্রথম আলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়। ‘বরিষ ধারার মাঝে’, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’, ‘মনে কি দ্বিধা রেখে গেলে’, ‘চোখের আলোয় দেখেছিলাম’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’— গানগুলো পরিবেশন করেন সুমাইয়া ফারাহ খান, মৌসুমী বিশ্বাস, মিলন বিশ্বাস, তাসনুভা শারমিন ও জিনিয়া জাহান। আবৃত্তি করেন শিমুল, হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ।