শ্রেষ্ঠ চিত্রনাট্য ও পরিচালনার জন্য গোল্ডেন গ্লোব পেল অবতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ব্লকবাস্টার চলচ্চিত্র অবতার শ্রেষ্ঠ চিত্রনাট্য ও জেমস ক্যামেরন শ্রেষ্ঠ পরিচালনার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন। বিবিসির মতে, এর ফলে ছবিটির মার্চ মাসে অস্কার পুরস্কার লাভের পথ আরও সুগম হলো। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অবতার-এর নাম ঘোষিত হওয়ার পর লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেমস ক্যামেরন বলেন, ‘এটি পৃথিবীর শ্রেষ্ঠ পেশা। আমরা যা করি তা হচ্ছে সারা বিশ্বের দর্শকদের জন্য বিনোদনের খোরাক তৈরি করা।’ কানাডিয়ান এই পরিচালক এর আগে টাইটানিক ছবিটি পরিচালনার জন্য প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার পান।হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের দেওয়া গোল্ডেন গ্লোব পুরস্কার প্রায়ই কী ও কারা একাডেমি পুরস্কার পেতে পারে তার আভাস দিয়ে থাকে। অবতার চলচ্চিত্রটি সবচেয়ে কম সময়ে ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করে বিশ্বের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলচ্চিত্রটির পরিবেশনকারী টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স জানায়, ছবিটি মুক্তি পাওয়ার ১৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৩৫ কোটি ডলারের বেশি এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ৬৭ কোটি ডলার আয় করেছে। ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি।ছবিটির কাহিনির কেন্দ্রে আছেন একজন পঙ্গু নাবিক। যিনি ভিনগ্রহ থেকে আসা নীলচে রঙের দৈত্যাকার এক জাতির সঙ্গে মিশে যান। ছবিটিতে সরাসরি এবং গ্রাফিক্সের মাধ্যমে রূপান্তরিত অভিনয়—দুটোই ব্যবহার করা হয়েছে।