শ্রোতা সৃষ্টির প্রত্যাশায় শেষ হলো শুদ্ধসংগীত উৎসব
শুদ্ধসংগীতের গুরুত্ব এবং এর চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তা সত্ত্বেও দেশে শুদ্ধসংগীতের চর্চা ও শ্রবণের অভ্যাস একেবারেই কমে গেছে। এ চিত্র পাল্টে দেওয়ার প্রত্যয়ে ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব শেষ হলো।গতকাল শুক্রবার উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় দুটি অধিবেশন। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত একটি অধিবেশন এবং শেষ অধিবেশন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাতভর চলতে থাকে।সকালের অধিবেশনে শুরুতেই সম্মেলক তারানায় অংশ নেন ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থীরা। শিল্পী রেজোয়ান আলীর পরিচালনায় শিল্পীরা পরিবেশন করেন রাগ ‘নট ভৈরব’। চট্টগ্রামের শিল্পী তাপস দত্ত রাগ ‘আহীর ভৈরব’, ছায়ানটের শিল্পী সতীন্দ্রনাথ হালদার রাগ ‘নট ভৈরব’, প্রিয়াংকা গোপ রাগ ‘মিয়া কি টোড়ি’ ও ঢাকার শিল্পী ইউসুফ খান রাগ ‘ভৈরবী’ পরিবেশন করেন। বেহালায় শিল্পী শিউলী ভট্টাচার্যী রাগ ‘বিলাসখানি টোড়ি’ পরিবেশন করেন।সন্ধ্যায় ছায়ানটের শিক্ষার্থীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শেষ অধিবেশন। কণ্ঠসংগীতে অংশ নেন ছায়ানটের লতিফুন জুলিও, খায়রুল আনাম, অনুপ বড়ুয়া, অসিত দে, রাজশাহীর সলোক হোসেন, রবিউল হোসেন, ঢাকার সুমন চৌধুরী ও কলকাতার অর্ণব চ্যাটার্জি। সারা রাত চলে এ আয়োজন।