শ্রোতার হাতে ‘শ্রুতি গীতবিতান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেকগুলো শ্রদ্ধা অনুষ্ঠান হয়েছে। সব কটিতে আমি যেতে পারিনি। খবরের কাগজ পড়ে যা জেনেছি, তাতে বলতে পারি, বন্যা সকলকে ছাপিয়ে গেছেন।’ বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। শ্রুতি গীতবিতান-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তাঁর প্রায় সব গান নিয়ে সুরের ধারা প্রকাশ করেছে শ্রুতি গীতবিতান। এই সংকলনটির প্রকাশ আর রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য গত বছরের ২৯ থেকে ৩১ ডিসেম্বর আয়োজন করা হয় রবীন্দ্র-উৎসব। কিন্তু তখন শ্রুতি গীতবিতান কেউ হাতে পাননি। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে তা আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের হাতে তুলে দেওয়া হয়। এই সংকলনটির জন্য প্রথম যে ১০ জন শ্রোতা নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। সঙ্গে আরও আমন্ত্রণ জানানো হয় রবীন্দ্র-উৎসব আয়োজন এবং শ্রুতি গীতবিতান প্রকাশে যাঁরা সহযোগিতা করেছেন, সেই পৃষ্ঠপোষকদের।পৃষ্ঠপোষকদের মধ্যে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তাঁর স্ত্রীর হাতে শ্রুতি গীতবিতান সংকলনের প্রথম কপিটি তুলে দেন মুহাম্মদ হাবিবুর রহমান ও রবীন্দ্র-উৎসব কমিটির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। পৃষ্ঠপোষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, সিঙ্গারের অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন বিভাগের ব্যবস্থাপক সুশীল সূত্রধর।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘শ্রুতি গীতবিতান একটি বিশাল সংগ্রহশালা। গত শতকের চল্লিশ দশক থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের প্রায় সব উল্লেখযোগ্য শিল্পীর গান রয়েছে এতে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান এবং উৎসব কমিটির সম্পাদক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পুরো আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বন্যা জানান, সংকলনটির পরিবেশনার দায়িত্বে রয়েছে ইমপ্রেস অডিও ভিশন। পাওয়া যাবে—মিতালী, ২/৭ ব্লক ডি, লালমাটিয়া, ঢাকায়। এ ছাড়া ০১৭৫৮-৩৩৩০১৪ নম্বরেও যোগাযোগ করা যাবে।