শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে হাবিবুল্লাহ বাশার (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর সবুজবাগ থানার কদমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, হাবিবুল্লাহ সাতক্ষীরার আলমদানি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি রাজধানীর কদমতলার দারুল ইসলাম মাদ্রাসার শিক্ষক। হাবিবুল্লাহ কদমতলার একটি মেসে থাকতেন। সেখানে তিনি মেয়েদের আরবি পড়াতেন। গতকাল বিকেলে স্থানীয় দুই তরুণী তাঁর কাছে পড়তে আসে। নানা বাহানায় ছুটি না দিয়ে রাত পর্যন্ত তরুণীদের মেসে রাখেন। একপর্যায়ে একটি মেয়েকে কিছু কিনতে দোকানে পাঠায়। এ সময় হাবিবুল্লাহ বাসায় থাকা অন্য মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন মেসে অন্য কেউ ছিল না। পরে মেয়েটির চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।আসাদুজ্জামান আরও জানান, মেয়েটির মা বাদী হয়ে সবুজবাগ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় হাবিবুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।