শ্লীলতাহানির চেষ্টার বিচার চাইতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ঘটনার বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ওই গৃহবধূর এক আত্মীয়।এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান সন্দেহভাজন ও তাঁর স্বজনদের চারটি বাড়ি পুড়িয়ে দেয়। হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আবদুর রউফের বাবা দেলবার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাড়াশ থানার পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে কালুপাড়া গ্রামের এক গৃহবধূ ছাগল চরাতে বাড়ির পাশের মাঠে যান। পথে একই গ্রামের আবদুর রউফ গৃহবধূকে ধরে পাটখেতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনাটি দেখে গৃহবধূর আত্মীয় আছের আলী (৫৫) তাঁকে উদ্ধার করেন। আছের আলী দুপুরে গৃহবধূসহ পরিবারের লোকজন নিয়ে রউফের বাবা দেলবারের কাছে বিচার চাইলে তাঁরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে রউফের পরিবারের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় এবং বেদম মারধর করে। এ ঘটনায় আছের আলী ও গৃহবধূসহ পরিবারের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে আছের আলীর মৃত্যু হয়।এদিকে আছেরের মৃত্যুর খবর ও গৃহবধূকে ধর্ষণচেষ্টার খবর ছড়িয়ে পড়লে কালুপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক লোক বৃহস্পতিবার সন্ধ্যায় রউফ, তাঁর বাবা দেলবার, ভাই তোজাম্মেল ও মোজাম্মেলের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘বখাটে রউফ ও তাঁর পরিবার এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। জনগণের হামলা হতে পারে আঁচ করে তারা আগে থেকেই সব আসবাব, গরু-ছাগল নিয়ে পালিয়ে যায়।’ওসি জানান, এ ঘটনায় নিহত আছের আলীর ভাতিজা আহমেদ আলী ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার এক নম্বর আসামি দেলবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।