শ্লীলতাহানির মামলাও রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার!
জেলা কমিটির সুপারিশ না থাকলেও নারীর শ্লীলতাহানি এবং অশোভন আচরণের মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি।মামলাটির আসামি মিঠুন ওরফে মিঠু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের নির্বাচনী এলাকা পাবনার বেড়া উপজেলার ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতা।মামলাসংক্রান্ত নথিপত্র থেকে জানা গেছে, ‘শ্লীলতাহানি এবং অশোভন অঙ্গভঙ্গির’ শিকার (১২) মেয়েটি স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিবেশী মিঠুন ওরফে মিঠু প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। মিঠু বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ঘটনার কয়েক দিন আগে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে মিঠু তাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হলে মিঠু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ও ভয় দেখান। ঘটনার দিন ২০০৪ সালের ১৬ আগস্ট মেয়েটি বাড়ির পাশের নদীতে গোসল করতে গেলে রইচ উদ্দিন ও আনোয়ারা খাতুনের সহযোগিতায় মিঠু তার শরীরে একটি ‘তৈলাক্ত পদার্থ’ ছুড়ে মারে। এতে মেয়েটির শরীরে জ্বলুনির সৃষ্টি হয়। মামলায় আরও বলা হয়, আসামিরা মেয়েটিকে অপহরণের উদ্দেশ্যে টানাহেঁচড়া করতে থাকেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। তৈলাক্ত পদার্থের কারণে মেয়েটির শরীরে জ্বলুনি বাড়তে থাকলে পরদিন তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার দিনই মেয়েটির বাবা মো. ফজলাল হক বাদী হয়ে মিঠুসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে বেড়া থানায় মামলা করেন।এ প্রসঙ্গে মামলার বাদী ফজলাল হক বলেন, ‘মিঠুন আমার প্রতিবেশী। সে আমার মেয়ের শরীরে একধরনের তরল পদার্থ ছুড়ে মেরেছিল। আমি বাদী হয়ে মিঠুনকে আসামি করে বেড়া থানায় ওই মামলা করি।’ মামলার তদন্ত কর্মকর্তা বেড়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক আহম্মদ আড়াই মাস ধরে সাক্ষ্য-প্রমাণ নিয়ে ২০০৪ সালের ৩০ অক্টোবর অভিযোগপত্র দেন। এতে অন্য আসামিদের নাম বাদ দেওয়া হলেও মিঠুর বিরুদ্ধে অভিযোগ বহাল রাখা হয়। এরপর বেশ কিছুদিন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা চলে। মহাজোট সরকার গঠনের পর আসামি মিঠু মামলাটিকে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা আখ্যায়িত করে তা প্রত্যাহারের জন্য রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটির কাছে আবেদন করেন। কিন্তু জেলা কমিটি এ মামলা প্রত্যাহারে সুপারিশ করেনি। পরে ২০১১ সালের ২৮ অক্টোবর বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল গফুর আসামির পক্ষে সুপারিশ করে প্রত্যয়নপত্র দেন। জেলা কমিটির সুপারিশ ছাড়া শুধু এই প্রত্যয়নপত্রের ভিত্তিতেই জাতীয় কমিটি ২৭তম বৈঠকে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে। গত বছরের ৭ এপ্রিল ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারামতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি না চালানোর সিদ্ধান্ত জানিয়ে পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেয়। পুলিশ সুপার ২৪ মে এ বিষয়টি জেলা কমিটির অন্যতম সদস্য সরকারি কৌঁসুলিকে (পিপি) অবহিত করেন। ১১ নভেম্বর পিপি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা প্রত্যাহারের আবেদন করেন। এরপর মামলা থেকে আসামি মিঠুর নাম প্রত্যাহার ও মামলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।এ প্রসঙ্গে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই গরিব। মিঠুনের মামলা প্রত্যাহারের আবেদনটি আমিই ঠিকঠাক করে দিয়েছিলাম। কিন্তু আবেদন পাঠানোর কিছুদিনের মধ্যেই তারা একে অপরের বিরুদ্ধে করা মামলা দুটি তুলে নিয়ে বিষয়টি মিটমাট করে নেয়। এ জন্য মামলা প্রত্যাহারের আবেদনের ব্যাপারে পরে কারও কোনো আগ্রহ যেমন ছিল না, তেমনি আমার জানামতে কেউ কোনো খোঁজও নেয়নি।’এ প্রসঙ্গে পাবনার সরকারি কৌঁসুলি (পিপি) বেলায়েত আলী প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা মামলা হলে যেকোনো মামলা রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহার হয়। এই মামলাটি সম্পর্কে আমার ভালো মনে নেই। তবে নিশ্চয়ই মিথ্যার জন্যই মামলাটি প্রত্যাহার করা হয়েছে।’পদাধিকারবলে জেলা কমিটির প্রধান জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি পাবনায় দায়িত্ব গ্রহণের পর কোনো মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। তবে মামলাটিতে যদি জেলা কমিটির সুপারিশ না থাকে তাহলে আসামীপক্ষ সরাসরি আবেদন করে থাকতে পারেন।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এর সহসভাপতি। মামলা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘যদি এ ধরনের কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ হয়ে থাকে এবং আসামি দোষী হয়ে থাকে, তবে অবশ্যই তা প্রত্যাহারের আদেশ বাতিল করা হবে।’