দোলাইরপাড়, এলিফ্যান্ট রোডে আরও দুই খুন
শয়নকক্ষ থেকে প্রকৌশলীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমানকে (৫৮)। গত মঙ্গলবার রাতে ২৫/২ লেক সার্কাস কলাবাগানের বাসা থেকে পুলিশ তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের ধারণা, বাড়ির গৃহকর্মী নূর ইসলাম (২৫) একা বা সহযোগীসহ তাঁকে হত্যা করে পালিয়েছেন।পৃথক ঘটনায় গতকাল বুধবার সকালে রাজধানীর দোলাইরপাড়ে বন্ধুদের হাতে খুন হয়েছেন ফ্যান কারখানার শ্রমিক রাসেল আহমেদ উজ্জ্বল (২২)। আর এলিফ্যান্ট রোডের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়েছে অফিস সহকারী খায়রুল ইসলামের (১৭) গলাকাটা লাশ।প্রকৌশলী খুন: প্রকৌশলী হত্যার বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী সাবেক সাংসদ (সংরক্ষিত মহিলা আসন, ঝিনাইদহ-২) শাহানা রহমান বাদী হয়ে নূর ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।স্বজনেরা জানান, নিহত গোলাম রহমান গত জানুয়ারিতে অবসর নেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। ঢাকার ২৫/২ লেক সার্কাসের (রানীগড়) বাড়িটি তাঁর নিজের। এই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় দুই মেয়ে ও স্ত্রীসহ থাকতেন তিনি। নিহত গোলাম রহমানের বড় মেয়ে চিকিৎসক, আর ছোট মেয়ে ইংরেজি মাধ্যমের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। বাড়িটির নিচতলা ও চারতলা ভাড়া দেওয়া।নিহত ব্যক্তির স্ত্রীর ভাই শেখ আহসানুল হক জানান, গত সপ্তাহে মেয়েদের নিয়ে শাহানা রহমান গ্রামের বাড়িতে ঝিনাইদহে যান। যাওয়ার আগে গ্রামের বাড়ি থেকে নূর ইসলামকে ডেকে এনে রেখে যাওয়া হয়। নূর ইসলামের বাবা-মাও একসময় এ বাড়িতে কাজ করতেন। সেই সূত্রে একদম ছোটবেলা থেকে এ বাড়িতে যাতায়াত ছিল নূর ইসলামের। ছোটখাটো ফুট-ফরমাশ আর বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময় কাজ করতেন নূর ইসলাম। এ বাড়ি ছাড়াও এ পরিবারের অন্য বাড়িতেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। নূর ইসলামের ওপর ছিল তাঁদের অগাধ আস্থা।কলাবাগান থানায় দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দেবরাজ চক্রবর্তী জানান, পরিবারের সঙ্গে গোলাম রহমানের সর্বশেষ কথা হয় সোমবার রাত সাড়ে ১১টার দিকে। মঙ্গলবার সারা দিন তাঁর মোবাইল ফোনটি ছিল বন্ধ। তাঁকে ফোনে না পেয়ে গৃহকর্মী নূর ইসলামকে ফোন করা হলে তাঁর মোবাইল ফোনও বন্ধ পান নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা। গোলাম রহমানকে সারা দিন ফোনে না পেয়ে শাহানা রহমান বিষয়টি তাঁর ভাই আইনজীবী শাহীন ইকবালকে জানান। মঙ্গলবার রাতে শাহীন ওই বাড়ির দোতলায় এসে দেখেন দরজায় তালা মারা। বাড়ির নিচতলায় গেলে সেখানে বসবাসরত নিহত ব্যক্তির গাড়িচালকের স্ত্রী সাবিহা একটি চাবি দেন শাহীনকে। চাবিটি তাঁর ছেলে কুড়িয়ে পেয়েছে বলে জানান। শাহীন ওই চাবি তালায় লাগিয়ে দেখেন এটি ওই দরজারই চাবি। তিনি ভেতরে ঢুকে দেখেন শয়নকক্ষে টিভি চলছে। তিনি কয়েকবার কড়া নেড়ে কারও সাড়া না পেয়ে ভেতরে ঢুকে পড়েন। দেখেন খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন গোলাম রহমান। বিছানায় রক্তের দাগ। শাহীন ওই বাড়ির ফটকের পাশে গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের বিষয়টি জানান। পুলিশ এসে লাশ দেখে কলাবাগান থানায় খবর দেয়।তদন্ত কর্মকর্তা জানান, লাশ দেখে মনে হয়েছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় সুচালো কোনো কিছু দিয়ে খোঁচানো হয়েছে। তাঁর হাত ওড়না দিয়ে আর পা কামিজ দিয়ে বাঁধা ছিল। আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা ছিল।নিহত গোলাম রহমানের স্বজনেরা জানান, বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, নিহত ব্যক্তির দুটি মোবাইল ফোন ও ৩০ ভরি সোনার অলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হত্যার ধরন দেখে মনে হয়েছে এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। ঘটনাস্থলে পাওয়া আরও কিছু আলামত থেকে একাধিক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছে পুলিশ।প্রধান সন্দেহভাজন নূর ইসলামের গ্রামের বাড়ি যশোরে।এর আগে গত সোমবার বনানীর ভাড়া ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী নাসরিন আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। বাসার গৃহকর্মী লিজা (২০) তাঁকে হত্যা করে বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।দোলাইরপাড়ে তরুণ খুন: গতকাল সকালে দোলাইরপাড় থেকে রাসেল আহমেদের লাশ উদ্ধার করেছে কদমতলী থানার পুলিশ। নিহত রাসেল দোলাইরপাড়ের নূরবাগ গলির ৬৯৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাবা মো. শাহজাহান ভ্যানচালক। রাসেল দোলাইরপাড়ে দুলাল ফ্যান ফ্যাক্টরিতে কাজ করতেন। নিহত রাসেলের মা নাজমা আক্তার জানান, গতকাল সকাল আটটার দিকে রাসেলের বন্ধু রুবেল তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান। তাঁরা দুজন বাড়ি থেকে কয়েক গজ দূরের দীপ্তি গলিতে গেলে নান্টু, পিন্টুসহ কয়েকজন তাঁকে ছুরিকাঘাত করে। সোয়া নয়টার দিকে রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ নান্টু নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খুনের ঘটনায় নান্টু সরাসরি জড়িত ছিল। বন্ধু-বান্ধবদের মধ্যে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানান ওসি। তবে কী বিষয় নিয়ে ঝগড়া তা এখনো স্পষ্ট নয়।এলিফ্যান্ট রোড থেকে লাশ উদ্ধার: এলিফ্যান্ট রোডের বাটা ক্রসিং এলাকার সায়রা ট্রপিক্যাল ভবনের ১২তলা থেকে গতকাল সকালে খায়রুল ইসলামের লাশ উদ্ধার করেছে নিউমার্কেট থানার পুলিশ। গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিউমার্কেট থানার উপপরিদর্শক নূর আলম জানান, নিহত খায়রুল ফোর্থ ডি ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করত। রাতে সে প্রতিষ্ঠানটির কার্যালয়েই ঘুমাত। গতকাল সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসের দরজা খুলে মেঝেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তাকে হত্যার কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পারেনি পুলিশ। নিহত খায়রুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।