ষড়যন্ত্রকারীদের প্রতিহতের দায়িত্ব ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আজকের যে ছাত্রলীগ তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সংগঠন ছাত্রলীগকে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পাঁয়তারা করছে, তাদের প্রতিহত করার দায়িত্বও ছাত্রলীগের।আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে কামরুল ইসলাম এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক দেশের স্বাধীনতা চাননি। তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাস ধামাচাপা দিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানিদের আত্মসমর্পণের জায়গায় স্থাপন করেছেন শিশু পার্ক। স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর জন্য আহ্বান জানান তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস এম আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন, নীল দলের আহ্বায়ক জাকারিয়া মিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অরুণ কুমার গোস্বামী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে পিরোজপুরের মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা হাদিস প্যাদা এবং মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারা বেগমকে ক্রেস্ট দেওয়া হয়।