ষষ্ঠ ন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) সহায়তায় আইসিআরসির কো-ফাউন্ডার হেনরি ডুনান্টের নামে প্রতিবছর আয়োজন করে ন্যাশনাল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হাউসে অনুষ্ঠিত হয় ‘ষষ্ঠ ন্যাশনাল হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা-২০১০’। এ বছর এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।আইসিআরসি প্রণীত নিয়মনীতির আলোকে এ বছর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০টি দল অংশ নেয়। প্রতিবছরের মতো এ বছরের প্রতিযোগিতায়ও সুপ্রিম কোর্টের বিচারক এবং জ্যেষ্ঠ আইনজীবীদের সমন্বয়ে বিচারক প্যানেল গঠিত হয়। এ বছর চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং এতে পঞ্চমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলে মুটার হিসেবে ছিলেন অর্পিতা শামস মিজান, গাজী সংগীতা ফারজানা এবং রিসার্চার হিসেবে ছিলেন মো. গোলাম মোস্তফা হাসান।এ বছর বেস্ট মুটার অ্যাওয়ার্ড লাভ করেন কানিজ ফাতেমা নর্দান ইউনিভার্সিটি থেকে; বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড লাভ করেন মো. সিফাতউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল আলী। উল্লেখ্য, এই তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত হয় চূড়ান্ত পর্বে বিচারক প্যানেল। বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা এই প্রতিযোগিতার মূল্যায়ন করতে গিয়ে বলেন, এ জাতীয় প্রতিযোগিতা আইনের ছাত্রদের ছাত্র থাকাকালেই মামলার ঘটনা আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে বিশেষভাবে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিআরসির নয়াদিল্লির আঞ্চলিক আইন উপদেষ্টা সানোজ রাভান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান সুমাইয়া খায়ের। সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন বোরহান উদ্দীন খান।