ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ
প্রবৃদ্ধি ত্বরান্বিত করে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে প্রণীত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।আজ বুধবার পিআইডির এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।জানা গেছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে নির্দেশনামূলক এ পরিকল্পনা প্রণীত হয়েছে। পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশেষ নীতি, কৌশল ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক ব্রিফিংয়ে জানান, অ্যাডহক ভিত্তিতে একটি দেশ চলতে পারে না। এর জন্য দরকার লক্ষ্যভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল। এ উদ্দেশ্যেই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে। তিনি বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি একটি ‘লিভিং ডকুমেন্ট’। এর বাস্তবায়ন এবং উন্নয়নের জন্য ব্যয়ের অগ্রাধিকার খাত ও বরাদ্দের বছরভিত্তিক পর্যালোচনা করা হবে।উল্লে¬খ্য, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫ সাল নাগাদ প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জন, বর্তমান দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে অর্ধেকে নামিয়ে আনা এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।