জন্মনিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় যশোরের মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবার ষষ্ঠ বারের মতো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। ১৪ জুলাই উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে।এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউএনও মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, কৃষি কর্মকর্তা চৈতন্য কুমার দাস, ভেটেরিনারি সার্জন মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, এস এম মজনুর রহমান প্রমুখ। ১১ জুলাই জাতীয় জনসংখ্যা দিবসে রাষ্ট্রপতির কাছ থেকে মনিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেন। এদিকে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় অনুরূপভাবে তিনিও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার লাভ করায় ১৪ জুলাই এলাকার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। মশ্বিমনগরে আয়োজিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক দিলীপ কুমার ব্রহ্মণ।