ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে গতকাল মঙ্গলবার সুমাইয়া আক্তার নামের এক শিশুর (১১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুটি আত্মহত্যা করেছে।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা না হলেও স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটেরা উত্ত্যক্ত করার কারণে শিশুটি আত্মহত্যা করেছে।পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে মতিঝিলের এজিবি কলোনির এক বাসা থেকে সুমাইয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ছিল। পুলিশ জানিয়েছে, সুমাইয়া মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। সে মা-বাবার সঙ্গে মতিঝিলের এজিবি কলোনিতে থাকত। গতকাল সন্ধ্যা সাতটার দিকে সে ওই বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে ফাঁস দেয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুস্পষ্ট কোনো কারণ বলা হয়নি।এ বিষয়ে নিহতের চাচা কামরুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই। সুমাইয়ার বাবা তাঁর মেয়ের ময়নাতদন্ত করাতে চান না। তাই আমরা আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে লাশ নিতে চাই।’ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে কামরুল বলেন, ‘উত্ত্যক্ত করার কারণেই শিশুটি আত্মহত্যা করেছে বলে আমরা মনে করছি। তবে আমাদের কোনো অভিযোগ নেই।’শিশুটির বাবা মোতাহার হোসেন একজন সরকারি কর্মকর্তা। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনিরামপুর গ্রামে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। গতকাল রাত নয়টার দিকে যোগাযোগ করা হলে মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।