ষষ্ঠবারের মতো মিসরের প্রেসিডেন্ট হতে চান হোসনি মোবারক
মিসরের বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবারক ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর দলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।তাঁর দলের মিডিয়া-প্রধান আলী এদ্দিন হিলাল আরবি চ্যানেল আলহুরা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হবেন প্রেসিডেন্ট হোসনি মোবারক।বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারক যে আবারও প্রার্থী হচ্ছেন, হিলালের এ ঘোষণা তারই সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।১৯৮১ সাল থেকে হোসনি মোবারক মিসরের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন। ২০১১ সালের অক্টোবরে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন হোসনি মোবারকের বয়স হবে ৮৩ বছর। গত মার্চে গল ব্লাডারের সার্জারির জন্য হোসনি মোবারক জার্মানি গিয়েছিলেন। এরপর থেকেই তাঁর স্বাস্থ্যগত সক্ষমতা নিয়ে মিসরের জনগণের মধ্যে গুজব ওঠে। অনেকেই ভাবছে, হোসনি মোবারকের ছেলে জামাল তাঁর উত্তরসূরি হচ্ছেন। তবে এখন পর্যন্ত হোসনি মোবারক তাঁর নিজের কিংবা ছেলের প্রার্থিতা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি; বরং সাম্প্রতিক সময়ে তিনি বেশ সক্রিয়ভাবেই রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। এদিকে মিসরের কর্তৃপক্ষ আগামী ২৮ নভেম্বর দেশটির সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে। এ উপলক্ষে সরকার গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইতিমধ্যে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল বন্ধ এবং খুদে বার্তা আদান-প্রদানের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তা ছাড়া নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদার হুডের যেকোনো ধরনের সরকারবিরোধী কার্যক্রমের ব্যাপারেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। পর্যবেক্ষকেরা বলছেন, মিসরের আসন্ন সংসদীয় নির্বাচনে বিরোধীদের ব্যাপারে সরকারের কঠোর অবস্থান, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বমহড়া মাত্র।—বিবিসি