দেবী দুর্গার ষষ্ঠীপূজা শেষ হয়েছে। গতকাল বুধবার মূল প্রতিমায় দেবীর রূপ কল্পনা করে আট উপচারে অর্থাৎ দেবীর অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীপূজায় ভক্তরা দেবীর বন্দনা করেছেন। শারদীয় দুর্গোৎসবে আজ বৃহস্পতিবার মহাসপ্তমী। আজ ষোড়শ উপচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর মহাসপ্তমীর পূজা হবে।বিভিন্ন মন্দিরের পুরোহিতেরা জানিয়েছেন, আজ সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ এবং দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। এ ছাড়া মহাসপ্তমীতে দেবীর পায়ে ভক্তিসহকারে পুষ্পাঞ্জলিও দেওয়া হবে। পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এ ছাড়া মন্দিরে মন্দিরে আজ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রয়েছে নানা আয়োজন।ভক্তরা বলেন, পূজা ছাড়াও শারদীয় দুর্গোৎসবের একটি প্রধান অনুষঙ্গ হচ্ছে মণ্ডপে মণ্ডপে দেবী প্রতিমা দর্শন। প্রতিবছর হাজার হাজার ভক্ত পূজামণ্ডপে মা দুর্গাকে প্রণাম জানিয়ে তাঁর কৃপা প্রার্থনা করেন। ষষ্ঠী থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর আগমন শুরু হয়েছে। তবে আজ মহাসপ্তমী থেকে পূজামণ্ডপগুলোতে দেবী দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে। এই ভিড় অব্যাহত থাকবে মহানবমী পর্যন্ত।পুরোহিতেরা জানিয়েছেন, আজ বিভিন্ন মঙ্গলদ্রব্য স্পর্শ করে দেবীকে অনুরোধ করা হবে ভক্তদের পূজা গ্রহণ করার জন্য। ঢাকায় মন্দির এবং পূজা কমিটির তথ্য অনুযায়ী, আজ মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষ হবে দুপুরের আগেই। এমনকি সপ্তমীর প্রসাদ বিতরণ শেষ হবে দুপুর ১২টার মধ্যে।রামকৃষ্ণ মিশন সূত্র জানিয়েছে, ষষ্ঠীপূজায় গতকাল রামকৃষ্ণ মিশনে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ করে সকাল নয়টা ৫৭ মিনিট ১২ সেকেন্ডে পূজা আরম্ভ হয়। তবে দেবীর বোধন হয়েছে সকাল আটটা ৫৯ মিনিট ১৬ সেকেন্ডে এবং আমন্ত্রণ ও অধিবাস হয়েছে বিকেল সাড়ে পাঁচটায়।পূজার মূল অনুষ্ঠান ছাড়াও মিশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভজন, আচার-অর্চনা এবং সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ মিশনের মহারাজেরা জানিয়েছেন, পূজামণ্ডপে এই অনুষ্ঠান প্রতিদিন চলবে এবং রাত ১০টায় মন্দির বন্ধ হয়ে যাবে।অপরদিকে রাজধানীর বনানী মাঠের পূজামণ্ডপে এবারও জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এবারও এই মণ্ডপের আলোকসজ্জা, মণ্ডপসজ্জা এবং প্রতিমা সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল মহাষষ্ঠীতেই শত শত ভক্ত-অনুরাগী দর্শনার্থী ভিড় করেছেন এই মণ্ডপের প্রতিমা দর্শন করতে। গতকাল সন্ধ্যায় এই পূজামণ্ডপে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রতিমা দর্শন করেন এবং পূজামণ্ডপের সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন। আজ এই মন্দিরে সন্ধ্যায় রয়েছে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরের সদস্যরা জানান, এই অনুষ্ঠান চলবে মহানবমী পর্যন্ত।এ ছাড়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ গতকাল কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে মণ্ডপ পরিদর্শন করে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব লীলাভূমি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের বিরাজমান সম্প্রীতি আমাদের চিরায়ত গৌরবময় ঐতিহ্য।’এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাংসদ শেখ ফজলে নূর তাপস প্রমুখ মণ্ডপ পরিদর্শন করেন। এবারও ঢাকা মহানগরের প্রতিটি মন্দিরে রয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।