ষোলো আনা লোকজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশের ছোট্ট একটি যন্ত্র। এতে লম্বা ও আড়াআড়িভাবে লাগানো হয়েছে পাটের সুতো। পাশেই দেখা গেল কাপড়ের সাদা ও রঙিন সুতো। একজন নারী বাঁশের যন্ত্রের ওপর থাকা পাটের সুতোর ভেতরে উলের সুতো ঢুকিয়ে দিচ্ছেন। যন্ত্রটি একটু একটু করে নড়ছে। এভাবেই তৈরি হচ্ছে শতরঞ্জি। রংপুর থেকে আসা বিউটি শতরঞ্জি নামের স্টলে দেখা গেল এই দৃশ্য।বাংলা একাডেমী প্রাঙ্গণে আরও অনেক কারুশিল্পী কাজ করছিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে এখানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমীর যৌথ আয়োজনে বসেছে ‘বৈশাখী মেলা ১৪১৮’।মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিক্রেতারা। তাঁদের বেশির ভাগ পণ্যই হাতে তৈরি। প্রথম দিন থেকেই জমে উঠেছে বৈশাখী মেলা। এদিন অনেক মানুষ এসেছে এবং বেচাকেনাও ভালো হয়েছে বলে জানান স্টলের কর্মীরা। বৈশাখের প্রথম দিনে দর্শনার্থী বেশি হওয়াটাই স্বাভাবিক। অবশ্য এখন মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা কমে গেলেও বেচাকেনা ভালোই হচ্ছে। পুরো মেলায় দেখা গেছে বাঙালিয়ানার ষোলো আনা।মেলায় আসা অনেক তরুণ-তরুণীর হাতে ছোট একতারা দেখা গেল। মেলার সবচেয়ে আকর্ষণীয় পণ্য এটি। তাই বিক্রিও হচ্ছে বেশি। বাঙালির চিরচেনা এই বাদ্যযন্ত্র কিনে ‘টুং-টাং’ শব্দে বাজাতে বাজাতে বাড়ি ফিরছে অনেকে। মেয়ের জন্য একতারা কিনে বাড়ি ফিরছিলেন মিরপুরের জামাল হোসেন। তিনি বলেন, ‘গ্রামের বৈশাখী মেলা আর এখানকার মেলার মধ্যে অনেক তফাৎ। ছোটবেলার সেই মেলায় যাওয়ার কথা এখনো মনে পড়ে। তবে শহরেও এমন মেলা হচ্ছে, এটা অনেক ভালো দিক। শহরের নতুন প্রজন্ম পরিচিত হতে পারছে বৈশাখী মেলার সঙ্গে।’মেলায় একতারার পাশাপাশি ঢোল, হুঁক্কা, গামছা, কাঠের হামানদিস্তা, বাঁশের তৈরি মাছ ধরার পোলো, মাছ রাখার খালুই, কুলা ও মাথাল দেখা গেল। গ্রামে কৃষকেরা রোদ-বৃষ্টি থেকে বাঁচতে এই মাথাল মাথায় দিয়ে কাজ করেন।মেলায় পাওয়া যাচ্ছে ঘর সাজানোর বিভিন্ন পণ্য। এর মধ্যে বাঁশ ও কাঠের তৈরি মনোমুগ্ধকর শোপিস ক্রেতাদের কাছে টানছে। রয়েছে কাঠে খোদাই করা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি ও প্রাকৃতিক দৃশ্য। মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রও পাওয়া যাচ্ছে কোনো কোনো স্টলে। শুধু পাট দিয়ে তৈরি পণ্যের স্টলও আছে মেলায়। পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, পুতুল, জুতা ছাড়াও যে কত কিছু হতে পারে, তাই দেখা গেল। দেশের প্রত্যন্ত এলাকা থেকে এসেছে হস্তশিল্পের কয়েকটি স্টল। এগুলোয় হাতে কাজ করা শাড়ি, কাঁথা, বিছানার চাদর, থ্রিপিস, দরজা-জানালার পর্দা পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর শোপিস ছাড়াও নারীদের সাজগোজের বিভিন্ন পণ্য রয়েছে বিভিন্ন স্টলে। রয়েছে গ্রাম্য খাবারের স্টল। যেখানে নিমকি, মনাক্কা, সাজ, শুকনো মিষ্টি, লাড্ডুসহ বিভিন্ন গ্রামীণ খাবার পাওয়া যাচ্ছে। আর শাড়ি কিংবা জামার কাপড়ের স্টল তো আছেই। বাচ্চাদের মজার মজার খেলনাও আছে মেলায়।মেলায় কর্মরত কারুশিল্পীদের জন্য একটা অংশ রাখা হয়েছে। এখানকার সব স্টলেই কারুশিল্পীরা কাজ করছেন। মেলা প্রাঙ্গণেই তাঁদের হাতে তৈরি হচ্ছে একেক পণ্য। ভারতের কলকাতার শিয়ালদহ থেকে এবারও মেলায় বেড়াতে এসেছেন প্রতিমা পাল। তাঁর দুই মেয়ে থাকেন ঢাকায়। গত বছরও ঢাকায় এসে এই মেলার দেখা পেয়েছিলেন। এবারও ঠিক সময়েই এসেছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘আমরা যারা বাঙালি, তাদের কাছে তো বৈশাখ অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশেও বৈশাখী মেলা হয়। তবে সেই মেলা আর এই মেলার মধ্যে পার্থক্য রয়েছে।’ তিনি জানান, গতবার পুতুলনাচ দেখার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে দেখা হয়নি। তাই এবার আর ভুল করেননি। বাংলা একাডেমী প্রাঙ্গণে পুতুলনাচ দেখেছেন তিনি। মেলায় আরও দু-একজন বিদেশিকে দেখা গেছে, যাঁরা বাঙালির সাজে মেলায় এসেছিলেন।মেলা প্রাঙ্গণের একপাশে রয়েছে নাগরদোলা ও পুতুলনাচ। তাই মেলায় এলে নাগরদোলায় চড়ার কিংবা পুতুলনাচ দেখার সাধটাও মেটাতে পারছেন দর্শনার্থীরা। পুতুলনাচের টিকিট কিনতে ভিড়টা ভালোই দেখা গেল।জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ১৯৭৮ সালে নগরে প্রথম বৈশাখী মেলার আয়োজন করে। তখনকার প্রধান নকশাবিদ শিল্পী কামরুল হাসান এই উদ্যোগ নেন। প্রথম মেলা বাংলা একাডেমী প্রাঙ্গণে হলেও পরে বিভিন্ন সময় নগরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্নভাবে এই মেলা হওয়ায় সবাই আগ্রহ হারিয়ে ফেলেছিল। গত বছর থেকে বৈশাখী এই মেলা আবারও বসছে বাংলা একাডেমী প্রাঙ্গণে। এখন আর জায়গা পরিবর্তন করা হবে না বলে জানান বিসিকের প্রধান নকশাবিদ এস এম শামসুদ্দীন। কেননা, এখানে গত বছর থেকেই মেলাটি জমে উঠেছে।এবারের মেলায় ১৬০টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণে সন্ধ্যায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলার লোকশিল্পীরা গান ও অভিনয় করে মাতিয়ে রাখছেন দর্শকদের।গ্রামীণ মেলার আদলে বসা এই বৈশাখী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। মেলার এই আসর শেষ হবে ২৩ এপ্রিল। বাঙালিয়ানার স্বাদ নিতে তাই আজই ঢুঁ মারতে পারেন মেলায়।