ষড়যন্ত্র কি না, তদন্তের দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা খাতগুলোর মধ্যে বিচার বিভাগে দুর্নীতি সবচেয়ে বেশি দেখিয়ে টিআইবির জরিপ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুড়িশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক আখ্যায়িত করেছে অধস্তন আদালতের বিচারকদের এ সংগঠন। এটা ‘বিচার বিভাগকে ধ্বংস করার কোনো দেশি ও বিদেশি ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার প্রচেষ্টা’ কি না, তা তদন্তের দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের মহাসচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হকের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করার জন্য একে শীর্ষ দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে টিআইবি। এমন একসময় বিচার বিভাগকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত বিভাগ হিসেবে চিহ্নিত করা হলো, যখন বহু কাঙ্ক্ষিত যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু হয়েছে।প্রতিবাদলিপিতে বলা হয়, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকেরা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত হবেন। সংবিধান অনুযায়ী আদালতের আইনজীবী, মোহরার ও কর্মচারীরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত নন। কিন্তু টিআইবির প্রতিবেদনে উকিল, মোহরার, দালাল ও আদালতের কর্মচারীদের বিচার বিভাগের অন্তর্ভুক্ত দেখিয়ে দুর্নীতির সূচক তৈরি করা হয়েছে। আইনজীবী, মোহরার এমনকি দালালদের বিচার বিভাগের অন্তর্ভুক্ত দেখিয়ে দুর্নীতির এই সূচক তৈরি করা হয়েছে, যা গভীর দুরভিসন্ধিমূলক ও সংবিধান পরিপন্থী। টিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট খানার (পরিবার) সংখ্যা তিন কোটি ১২ হাজার। এর মধ্যে জরিপ চালানো হয়েছে ছয় হাজার খানার ওপর। এর মধ্যে ৬৫০টি খানা বিচার বিভাগের সেবা গ্রহণ করেছে। এর ওপর পরিচালিত জরিপে দেশের ১৬ কোটি ৪০ লাখ মানুষের মতামতের প্রতিফলন ঘটানো কতটুকু বিজ্ঞানসম্মত, এ নিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছে।অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপিতে আরও বলা হয়, টিআইবির প্রতিবেদন অনুযায়ী, বিচার বিভাগের সেবা গ্রহণকারীদের ৫৯ দশমিক ৬ শতাংশকে ঘুষ দিতে হয়েছে। কোন বিচারককে ঘুষ দেওয়া হয়েছে, তার উল্লেখ নেই। বলা হয়েছে, বিচারপ্রার্থীদের ৩৯ দশমিক ৭০ শতাংশ উকিল কর্তৃক, ২৪ দশমিক ৫ শতাংশ আদালতের কর্মচারী কর্তৃক, ১৬ দশমিক ৯০ শতাংশ মোহরার কর্তৃক, ২ দশমিক ৭০ শতাংশ দালাল কর্তৃক, ৯ দশমিক ১০ শতাংশ রায় বা আদেশের কপি উত্তোলনে এবং ৩ দশমিক ৯০ শতাংশ অন্যান্য হয়রানির সম্মুখীন হয়। কোথাও বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না এনে বিচার বিভাগকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া টিআইবির প্রতিবেদন অনুযায়ী, ৫৬ দশমিক ৩০ শতাংশ মামলার শুনানি দ্রুত করা, ৬ দশমিক ৩০ শতাংশ তারিখ পেছানো, ৩২ দশমিক ৭০ শতাংশ মামলার রায়কে প্রভাবিত করা, ২২ দশমিক ২০ শতাংশ নথিপত্র উত্তোলন ও এক শতাংশ খানা নথিপত্র গায়েবের জন্য ঘুষ দিয়েছেন। উক্ত ঘুষ গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে উত্তরদাতারা কীভাবে বিচারকদের সংশ্লিষ্ট করেছেন বা আদৌ করেছেন কি না, তা দেশবাসীকে জানাতে হবে।প্রসঙ্গত, টিআইবি ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ-২০১০’ শীর্ষক প্রতিবেদনটি ২৩ ডিসেম্বর প্রকাশ করে।টিআইবির বিরুদ্ধে মামলা ‘ষড়যন্ত্র’: বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল এক জরুরি সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা বলেছেন, সরকার ও বিচার বিভাগকে বিব্রত করতে টিআইবির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াত-সমর্থিতরা টিআইবির বিরুদ্ধে মামলা করেছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে সমিতির সহসভাপতি এ কে এম ফজলুল হক খানের সভাপতিত্বে এ সভায় সহ-সম্পাদক মোশফাকুর রহমান, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান খান, কার্যনির্বাহী কমিটির সদস্য বিলকিস ফাতেমা, আবুল কালাম খান, আফরোজা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। তাঁরা টিআইবির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।সমিতির নেতারা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে বিচার বিভাগসংক্রান্ত টিআইবির প্রতিবেদন প্রত্যাখান করেছে। এ প্রতিবেদনের বিষয়ে আপত্তির ব্যাপারে প্রয়োজনে সরকার তদন্ত করবে।