ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রবিরোধী অপশক্তি, যারা ভোট কারচুপি ও ভুয়া ভোটার তালিকা তৈরি করে ক্ষমতায় আসতে চেয়েছিল, তারা বসে নেই। অতীতের মতো আবারও তারা জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করতে পারে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল গণভবনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের উন্নয়ন সম্ভব নয়। তাই যত বাধাই আসুক না কেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে।জরুরি অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা সন্তানসম্ভবা মেয়ে ও ছেলের বউকে দেখতে বিদেশে গেলে তাঁর দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনা ২০০৭ সালের ৭ মে দেশে প্রত্যাবর্তন করেন।তখন জরুরি অবস্থার মধ্যেও বিমানবন্দরে হাজার হাজার মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়। দিবসটি স্মরণে রাখতে গতকাল গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ উপলক্ষে সকাল থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী গণভবনে সমবেত হতে থাকেন।শেখ হাসিনা সেদিনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সেদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, দেশে ফিরে গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম না করলে শাসকগোষ্ঠী কোনো দিনই নির্বাচন দেবে না। গণতন্ত্রও আর ফিরে আসবে না।’শেখ হাসিনা দেশে ফেরার সাহস ও উৎসাহ প্রদানকারী এবং ঝুঁকি নিয়ে সেদিন বিমানবন্দরে উপস্থিত হওয়া দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, শুধু শাসকগোষ্ঠী নয়, দলের অনেক নেতাও সে সময় তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। এমনকি নেতা-কর্মীদের বিমানবন্দরে যেতেও নিষেধ করেছিলেন। তাঁরা এমনও বলেছিলেন, যদি তাঁদের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমানবন্দরে যান, তাহলে দল থেকে তাঁদের বহিষ্কার করা হবে।শেখ হাসিনা জরুরি অবস্থা-পরবর্তী বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর যখনই জানতে পারলাম, আমার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তখনই আমি অসুস্থ পুত্রবধূ ও মেয়েকে রেখে সব স্নেহের বন্ধন উপেক্ষা করে দেশে ফেরার সিদ্ধান্ত নিই।’ তিনি বলেন, ‘ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ আমাকে ঢাকায় বহন করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, বাংলাদেশ সরকার আমাকে ঢাকায় বহন না করার জন্য চিঠি দিয়েছে। আমি প্রতিবাদ জানাই। পরবর্তী সময় আমি লন্ডনে এসে কমনওয়েলথসহ পৃথিবীর বিভিন্ন সংস্থা, ইউরোপে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। তাঁরাও এর প্রতিবাদ করেন এবং আমার দেশে ফেরার পক্ষে বিশ্ব জনমত তৈরি করেন। পরে শাসকগোষ্ঠী আমার দেশে ফেরার পথে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়।’শেখ হাসিনা বলেন, দলের তৃণমূল নেতা-কর্মীদের বলিষ্ঠ ভূমিকার কারণেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়েছে। জনগণ আওয়ামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, তা রক্ষার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শুভেচ্ছা বিনিময়কালে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ইউসুফ হোসেন হুমায়ুন, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, রাজিউদ্দিন আহমেদ, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, মাহাবুব উল আলম হানিফ এবং মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ফারুক খান, সৈয়দ আবুল হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।