ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান নিজামীর
দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তাঁর অভিযোগ, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পঙ্গু করে ভিন দেশের তাঁবেদার রাজ্য ও করদ রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই দেশের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করছে। আজ শুক্রবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে পিলখানায় নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে নিজামী এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।নিজামী বলেন, সরকারের স্বচ্ছতার স্বার্থেই ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় কী ঘটেছিল তা জাতিকে জানানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, সরকারের ভূমিকা জাতিকে সংশয়ের দিকে ঠেলে দিচ্ছে। সন্দেহ দূর করতে সরকারের তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনই জানাতে হবে। তিনি সবকিছুর জন্য বিরোধী দলকে দায়ী করার রাজনীতি বন্ধ করার দাবি জানান।জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। বক্তব্য দেন আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, হামিদুর রহমান প্রমুখ।