ষড়যন্ত্রের অভিযোগ মমতার, উড়িয়ে দিলেন পবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারাক্কার দুটি সু্লইস গেটে ভাঙনের পেছনে কোনো সুপরিকল্পিত চক্রান্ত থাকতে পারে—মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন বনশাল। গতকাল শনিবার ফারাক্কা বাঁধ পরিদর্শন শেষে মুর্শিদাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ ও ১৬ নম্বর গেট ভেঙে যাওয়ার ঘটনা নিছকই একটি দুর্ঘটনা। যেকোনো সময় যেকোনো জায়গায় দুর্ঘটনা ঘটতেই পারে।এর আগে মমতা অভিযোগ করেছিলেন, ওই গেট ভেঙে যাওয়ার ফলে ফারাক্কার গেট থেকে অতিরিক্ত পানি বাংলাদেশে চলে গেছে। মমতা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে গত মাসে দেখা করে অভিযোগ করেছিলেন যে ফারাক্কার দুটি সু্লইস গেটে ভাঙনের পেছনে সুপরিকল্পিত চক্রান্তও থাকতে পারে। একই সঙ্গে তিনি গেট রক্ষায় চরম গাফিলতিরও অভিযোগ তোলেন। এ সময় মমতা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে অতিরিক্ত পানি যাওয়ার ফলে রাজ্যে পানির সংকট দেখা দেবে। এ ছাড়া বিদ্যুেকন্দ্রগুলোতে উত্পাদন ব্যাহত হবে।তবে মমতার এ অভিযোগ নাকচ করে দিয়ে পবন বনশাল বলেন, ‘যে পরিমাণ পানি বাংলাদেশে গেছে, তাতে চিন্তার কারণ নেই। এতে পানির সংকট দেখা দেবে না বা বিদ্যুত্ উত্পাদনেও সমস্যা হবে না।’ভারতের পানিসম্পদমন্ত্রী আরও জানান, দায়িত্বে গাফিলতির অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় জল কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে ওই কমিটি প্রতিবেদন দেবে। তার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ কথাও বলেন, ভাঙা দুটি স্লুইস গেটের মধ্যে ১৬ নম্বর গেটটি ১৫ মার্চের মধ্যে মেরামত করা হবে। এ ছাড়া ফারাক্কার সব স্লুইস গেট আগামী পাঁচ বছরের মধ্যে পরিবর্তন করা হবে।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঐতিহাসিক ফারাক্কা বাঁধে রয়েছে মোট ১১০টি স্লুইস গেট। এর মধ্যে ফিডার ক্যানেলের জন্য রয়েছে ১০টি গেট। আর পদ্মার দিকে পানি প্রবাহিত করার কাজে ব্যবহার করা হয় বাকি গেটগুলোকে। এই গেটের মধ্যেই ১৩ ও ১৬ নম্বর গেট দুটি ভেঙে গেছে। একই সঙ্গে এই বাঁধের আরও ১২টি স্লুইস গেটে ফাটল দেখা দিয়েছে।ফারাক্কা পরিদর্শনের সময় ভারতের পানিসম্পদমন্ত্রী পবন বনশালের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুত্মন্ত্রী মনীশ গুপ্ত ও সেচমন্ত্রী মানস ভূঁইয়া।