আওয়ামী লীগ বলছে, সব দলের অংশগ্রহণে বর্তমান সংবিধান অনুসারেই নির্বাচন হবে। বিএনপি বলছে, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য বড় দুই দলকেই প্রয়োজনীয় ছাড় দিতে হবে। আজকের রাজনৈতিক সংকটের জন্য দায়ী প্রতিহিংসার রাজনীতি। শুধু নির্বাচনী সংলাপ নয়, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে একটি জাতীয় সমঝোতা করতে হবে।আজ মঙ্গলবার ‘প্রথম আলো’ আয়োজিত ‘গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ ধরনের মত দিয়েছেন। ‘প্রথম আলো’র মিলনায়তনে ওই গোলটেবিলের আয়োজন করা হয়। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, হাসানুজ্জামান চৌধুরী, নারীনেত্রী শিরিন আকতার আলোচনায় অংশ নেন। আলোচনা সঞ্চালনা করেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান আওয়ামী লীগের উদ্দেশে প্রশ্ন রাখেন, বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে আওয়ামী লীগকে বিশ্বাস করে কি না। আর আওয়ামী লীগ সমঝোতার জন্য বিএনপিকে কী কী প্রস্তাব দেবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ তাদের অধীনে নির্বাচনে যাবে কি না। বিএনপির উদ্দেশে রেহমান সোবহান প্রশ্ন রাখেন, এখন সবখানেই গণমাধ্যম উপস্থিত। এ যুগে আসলেই কেউ ভোট ছিনতাই করতে পারে কি না।আলোচনার শুরুতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সমস্যা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। কোন পদ্ধতির সরকারের অধীনে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলোকেই এর সমাধান দিতে হবে।নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এখন ভোট জালিয়াতি দুরূহ হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে সিটি করপোরেশন নির্বাচনগুলো সুষ্ঠু হওয়া কমিশনের একটি বড় সাফল্য। নিজের অভিজ্ঞতার আলোকে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তখন প্রধানমন্ত্রী বা উচ্চপর্যায়ের কেউ তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেননি। কিন্তু স্থানীয় পর্যায়ে দেখা গেছে, সাংসদেরা কমিশনের কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছেন। এখন সাংসদেরা ক্ষমতায় থেকে নির্বাচন করলে ক্ষমতার অপব্যবহার করতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণমাধ্যম যেভাবে উপস্থিত ছিল, জাতীয় সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনে গাজীপুরের মতো সমসংখ্যক গণমাধ্যম সব আসনে থাকা সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন, গাজীপুরে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন, একই সময় ৩০০ আসনে একই পরিমাণ সদস্য মোতায়েন সম্ভব কি না।তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের নীতি হলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন। গাজীপুরসহ সিটি করপোরেশন নির্বাচনগুলো যেভাবে অবাধ হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে ভোট ছিনতাইয়ের যুগ এখন আর নেই। দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান হলো সংবিধানে যা আছে, সেভাবেই নির্বাচন হবে। তবে তারা সব দলের অংশগ্রহণ চায়।আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমান সংবিধান অনুসারে ২৪ অক্টোবরের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হবে। তখন আর কেউ সাংসদ থাকছেন না। তখন যাঁরা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, তাঁরা দৈনন্দিন কাজ করবেন।তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা একে-অন্যকে বিশ্বাস করি না। এখন আমরা যদি বলি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব না, তাহলে দেশ কোথায় যাবে?’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য হতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, এটি নিশ্চিত হবে না। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রয়োজন।’এই লক্ষ্যে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, পৃথিবীর সব যুদ্ধ-মহাযুদ্ধ শেষ হয়েছে টেবিলে। তিনি ১১ সদস্যের একটি নির্দলীয় সরকারের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, সংলাপের মাধ্যমে ওই সরকারের ১০ জনকে নির্বাচন করা হবে। এই ১০ জন ঠিক করবেন সরকারপ্রধান কে হবেন। আবার যাতে প্রতিহিংসার রাজনীতি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য জাতীয় সমঝোতা করতে হবে।’আকবর আলি খান বলেন, ‘রবীন্দ্রনাথের উপন্যাসের নায়িকা কাদম্বিনীর মতো আওয়ামী লীগ পৌর নির্বাচনে হারিয়া প্রমাণ করিল আওয়ামী লীগ হারে নাই।’ তিনি বলেন, ‘হারা-জিতার ওপর তত্ত্বাবধায়ক সরকার নির্ভর করে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট সমস্যা রাজনৈতিক না সাংবিধানিক, সেটাই প্রশ্ন। সাংবিধানিক সমস্যা হলে সমাধান মোটেও শক্ত নয়। তবে সমস্যাটি সাংবিধানিক নয়, রাজনৈতিক।’’৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের উদাহরণ টেনে আকবর আলি খান বলেন, তত্ত্বাবধায়ক না হলে বিরোধী দল জিততে পারবে না, এটি ঠিক নয়। জনগণ একদিকে চলে গেলে তত্ত্বাবধায়ক ছাড়াও নির্বাচনে জেতা ঠেকিয়ে রাখা যাবে না। দুই দল কাছাকাছি থাকলে তত্ত্বাবধায়কের প্রশ্ন ওঠে। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে না যায়, তাহলে সে নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। এ জন্য তিনি ‘খোলা মনে’ সমঝোতায় আসার চেষ্টা করার তাগিদ দেন। তিনি বলেন, এর বাইরে কোনো সমাধান নেই। সব দল মিলে এই সমস্যার সমাধান করতে হবে।রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ভেতর কতটুকু গণতন্ত্রের চর্চা করে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে নির্বাচন করতে হবে। বড় দুই জোটকে সমঝোতায় আসতে হবে। দুই জোট মিলে গ্রহণযোগ্য সাংসদকে অন্তর্বর্তী সরকারপ্রধান করতে পারলে সমস্যার সমাধান হতে পারে বলে তিনি মনে করেন।হোসেন জিল্লুর রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। শুধু নির্বাচনী সংলাপ নয়, তিনি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।আসিফ ইব্রাহিম বলেন, এক দিনের হরতালে এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ে অর্জন করা যাবে না। তিনি ১৫ জন সাংসদকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেন। এর সাতজন হবেন বিএনপির, সাতজন আওয়ামী লীগের। এর মধ্যে সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে বিএনপির হাতে।