সংকট উত্তরণে বিদেশিদের হাতে জাদুর কাঠি নেই: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই। ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত বৈঠক করেন। তাঁদের এ আলোচনায় দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি), দুই দেশের আসন্ন নিরাপত্তা ও অংশীদারি সংলাপসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান মজীনা। বাংলাদেশের চলমান সংকট উত্তরণে সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু রাজপথে সংঘাত ও সহিংসতা অব্যাহত আছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকেরা ড্যান ডব্লিউ মজীনার কাছে জানতে চান, এ থেকে বের হওয়ার উপায় কি। মজীনা বলেন, ‘প্রশ্নটি বিদেশিদের না করে আপনাদের নিজেদেরই করা উচিত। বাংলাদেশ একটি পথ খুঁজে নেবে বলে আমি যথেষ্ট আশাবাদী। বাংলাদেশ যখন একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে পাবে, তখন অনেক বন্ধুই খুশি হবে। আমার মতো অনেকেই বাংলাদেশকে ভালোবাসে। তাই আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই। পথটা কিন্তু আপনাদেরই দেখাতে হবে। কারণ, বিদেশিদের হাতে জাদুর কাঠি নেই।’ জামায়াতে ইসলামীর সহিংসতা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বিশ্বাস করি, দেশের সব নাগরিকের শান্তিপূর্ণ উপায়ে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে মানুষকে খুন করা আর সহিংসতা সৃষ্টির অধিকার তাদের নেই।’ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি-সুবিধা অব্যাহত রাখা প্রসঙ্গে মজীনা বলেন, ‘গত সপ্তাহে ওয়াশিংটনে এ নিয়ে শুনানি হয়েছে। সে বিষয়ে আজ আমাদের আলোচনা হয়েছে। ওই শুনানিতে বাংলাদেশকে দেড় শতাধিক প্রশ্নের জবাব দিতে হয়েছে। কোনো কোনো প্রশ্নের আরও সুনির্দিষ্ট জবাব বাঞ্ছনীয়। এ সপ্তাহের শেষে ওই শুনানির ভাষ্য প্রকাশ করা হবে। তখন এটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে কঠিন প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর দিতে বাংলাদেশকে উত্সাহিত করব। আমি চাই, বাংলাদেশ এ ক্ষেত্রে তার অবস্থানটা সুস্পষ্টভাবে তুলে ধরুক। আমি আশা করব, জিএসপির শুনানিতে যেসব উদ্বেগ তুলে ধরা হয়েছে, তা দূর করতে বাংলাদেশ যথোপযুক্ত পদক্ষেপ নেবে।’মজীনা সাংবাদিকদের জানান, ৯ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় নিরাপত্তা সংলাপ, সংলাপের আলোচ্যসূচি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, এবারকার নিরাপত্তা সংলাপে বাংলাদেশে নিরাপত্তা প্রশিক্ষণবিষয়ক জাতীয় একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নয়, বাংলাদেশের। তবে প্রস্তাবটি ভালো। প্রস্তাবিত একাডেমিতে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি এমনকি সেনাসদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে-অন্যের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।