সংকট উত্তরণে হিমশিম জাপান, উদ্বিগ্ন সম্রাট
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লিতে গতকাল বুধবার আবার আগুন লাগে। এরপর সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় সরিয়ে নেওয়া হয় কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের সম্রাট আকিহিতো। গতকাল টেলিভিশনে জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।ফুকুশিমা-১ কেন্দ্রের ৪ নম্বর চুল্লিতে কাল আবার আগুন লাগে। এরপর ধোঁয়ার মেঘে ঢেকে যায় ওই এলাকা। রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ৪ নম্বর চুল্লির কাছে দমকল বাহিনীর গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করছেন কর্মীরা। এ ছাড়া ওপর থেকে পানি ঢালার জন্য প্রস্তুতি নিচ্ছে একটি হেলিকপ্টার। তবে তেজস্ক্রিয়তার ঝুঁকির কারণে কর্মীরা কাজ বন্ধ রেখেছেন।সরকারের মুখপাত্র ও মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োকিও এদানো জানান, সম্ভবত ৩ নম্বর চুল্লির কোরের কনটেইনার ভ্যাসেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে ওই কেন্দ্রের ২০ কিলোমিটার এলাকার বাইরে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপাতত নেই।সম্রাট আকিহিতো সাধারণত প্রকাশ্যে বক্তৃতা বা বিবৃতি দেন না। কিন্তু বর্তমান সংকটের মুহূর্তে টেলিভিশনে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি। আকিহিতো বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত সংকটে আমি খুবই উদ্বিগ্ন। তবে আমি একান্তভাবে আশা করছি, পরিস্থিতির আরও অবনতি রোধ করতে আমরা সফল হব।’এদিকে, সংকট মোকাবিলায় সরকার ও ফুকুশিমা কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) সমালোচনা শুরু হয়েছে জাপানের গণমাধ্যমে। টোকিওর এক সরকারি কর্মকর্তা বলেন, এটা একটা অথর্ব সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রী নাওতো কান খেপেছেন টেপকোর ওপর। বার্তা সংস্থা কিয়োদো জানায়, টেপকো কর্মকর্তাদের উদ্দেশে কান বলেন, ‘তাঁরা কী করছে?’আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই বলছে, জাপান তেজস্ক্রিয়তা ও ঝুঁকির মাত্রা কম করে দেখাচ্ছে। ফ্রান্সের পারমাণবিক নিরাপত্তা সংস্থা জানায়, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে জাপানে ৬ নম্বর পারমাণবিক সতর্কতা জারি করা প্রয়োজন। জাপান সরকার সেখানে ৪ নম্বর সতর্কতা জারি করে রেখেছে। এর আগে চেরনোবিল দুর্ঘটনার সময় সর্বোচ্চ ৭ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। ৬ নম্বর সতর্কতা কখনো কোথাও জারি করা হয়নি।ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জানিয়ে ফ্রান্স সরকার তাদের নাগরিকদের টোকিও ত্যাগ করার বা টোকিও থেকে দক্ষিণ দিকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এ ছাড়া ফরাসি নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ফ্রান্সের দুটি বিমানও সেখানে পাঠানো হয়েছে।অস্ট্রেলিয়াও তাদের লোকজনকে টোকিও ছাড়ার কথা বিবেচনা করতে বলেছে। তুরস্ক সরকার সে দেশের নাগরিকদের জাপান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।ইউরোপিয়ান এনার্জি কমিশনের প্রধান গুয়েন্থার ওয়েত্তিনজারও গতকাল বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপান সরকার ব্যর্থ হতে চলেছে।জাপানে তেজস্ক্রিয়তায় আক্রান্ত সম্ভাব্য ব্যক্তিদের চিকিৎসা দিতে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ৫০০টি অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জাপান থেকে কোনো খাদ্যদ্রব্য আমদানি না করার জন্য বলেছেন ভারতের কর্মকর্তারা। আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান টোকিও থেকে তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে।তেজস্ক্রিয়তার ভয়ে যুক্তরাষ্ট্রও তাদের রণতরীগুলোকে ফুকুশিমা থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।