সংকট উত্তরণের উপায় বের করতে খালেদাকে ব্যবসায়ীদের আহ্বান
চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একটি উপায় বের করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠকে ব্যবসায়ীরা এ আহ্বান জানান। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।২৫ সদস্যবিশিষ্ট ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি জি এম ফজলুল হক, বায়রার সাবেক সভাপতি আবুল কাশেম, ব্যবসায়ী নেতা কামারুদ্দিন আহমেদ, খোরশেদ আলী মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রমুখ।ব্যবসায়ীরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, হরতাল কম দেওয়া যায় কি না এবং দাবি আদায়ে বিকল্প কিছু করা যায় কি না? খালেদা জিয়া বিষয়টি মাথায় রাখবেন বলে ব্যবসায়ীদের জানান। এ রকম কোনো উপায় যদি থাকে, তাহলে তিনি তা ভেবে দেখবেন। খালেদা জিয়া ব্যবসায়ীদের বলেন, ‘দেশ যেদিকে যাচ্ছে, তাতে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। দেশের মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং অর্থনীতি পুনরুদ্ধার করতে হরতাল করা হচ্ছে।’ তিনি ব্যবসায়ীদের বলেন, ‘আপনারা বিভিন্ন সংবাদ সম্মেলনে হরতাল না দেওয়ার আহ্বান জানান। আপনারা বিরোধী দলের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন।’